পূর্ব রাজাবাজার থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকের লাশ উদ্ধার

লাশপ্রতীকী ছবি

রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকার পূর্ব রাজাবাজার থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার সকাল ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক। লাশ উদ্ধার হওয়া ব্যক্তির নাম আবদুল বাকী (৬৮)। তিনি তেজগাঁও কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক।

ওসি ইমাউল হক বলেন, আবদুল বাকী ১০ তলার বারান্দা থেকে লাফিয়ে নিচে পড়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাঁর লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

আবদুল বাকী পরিবার নিয়ে পূর্ব রাজাবাজার এলাকায় নিজের ফ্ল্যাটে বসবাস করতেন বলে জানান পুলিশ কর্মকর্তা ইমাউল হক। তিনি বলেন, আবদুল বাকী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। পরিবারের সদস্যদের ধারণা, অসুস্থতার কারণে তিনি আত্মহত্যা করেছেন। তবে বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

আবদুল বাকীর গ্রামের বাড়ি রাজশাহী। তবে তিনি রাজাবাজার এলাকায় স্থায়ীভাবে বসবাস করছিলেন বলে জানায় পুলিশ।‘