সবুজবাগে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর সবুজবাগের একটি বাসা থেকে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান আজ শনিবার প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। ওই গৃহকর্মীর নাম শামীমা খাতুন (১৮)।
সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) আজমিন নাহার প্রথম আলোকে বলেন, ইমন নামের এক যুবকের সঙ্গে শামীমার বিয়ে হয়। তবে বনিবনা না হওয়ায় পরে শামীমা তাঁর বড় বোন ফাতেমার বাসায় চলে আসেন। পরে ৬ জুন পূর্ব বাসাবোর নাঈমা হোসেন নামের এক নারীর বাসায় গৃহকর্মীর কাজ শুরু করেন শামীমা।
আজমিন নাহার আরও বলেন, শুক্রবার রাতে শামীমাকে বাসায় রেখে বাইরে যান নাঈমা। বাসায় ফিরে শামীমাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।