মোহাম্মদপুরে পেট্রলবোমাসহ কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা গ্রেপ্তার

হাতকড়াপ্রতীকী ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুরে পেট্রলবোমাসহ মো. শাহীন (৩৫) নামের কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার ভোরে মোহাম্মদপুরের বছিলা তিন রাস্তার মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে দুটি অবিস্ফোরিত পেট্রলবোমা উদ্ধার করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বছিলা তিন রাস্তার মোড়ে নাশকতার উদ্দেশ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটির নেতা-কর্মীরা একত্র হচ্ছেন বলে গোপন সূত্রে মোহাম্মদপুর থানা-পুলিশ খবর পায়। আজ ভোর আনুমানিক ৬টা ৫ মিনিটে পুলিশের একটি দল সেখানে পৌঁছালে নাশকতাকারীরা দুটি পেট্রলবোমার বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করেন।

এ সময় পুলিশ ধাওয়া করে মো. শাহীনকে দুটি অবিস্ফোরিত পেট্রলবোমাসহ গ্রেপ্তার করে। অন্যদিকে অজ্ঞাতনামা কয়েকজন পালিয়ে যান। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত পেট্রলবোমার কাচের টুকরা ও স্কচটেপ উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানায়, গ্রেপ্তার শাহীন কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মোহাম্মদপুর থানার ৩৩ নম্বর ওয়ার্ডের সদস্য। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক আইনে মোহাম্মদপুর থানায় মামলা হয়েছে। তাঁকে আদালতে পাঠানো হয়েছে। পলাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আরও পড়ুন