এবার অর্থ আত্মসাতের মামলায় গ্রেপ্তার সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়ের
২ কোটি ৩৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা এক মামলায় বেসরকারি সময় টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়েরকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহানের আদালতে আহমেদ জোবায়েরকে কারাগার থেকে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আসামিপক্ষে আইনজীবী ফরহাদ হোসেন নিয়ন এর বিরোধিতা করেন। অন্যদিকে বাদীপক্ষের আইনজীবী গ্রেপ্তারের সপক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী ফরহাদ হোসেন নিয়ন প্রথম আলোকে বলেন, এটি বেশ পুরোনো একটি মামলা। এ মামলায় আহমেদ জোবায়েরই একমাত্র আসামি।
মামলার অভিযোগে বলা হয়েছে, সময় টেলিভিশনের দায়িত্বে থাকা অবস্থায় আহমেদ জোবায়ের প্রতিষ্ঠানের তহবিল থেকে নিয়মবহির্ভূতভাবে ২ কোটি ৩৩ লাখ টাকা উত্তোলন করেন। পরে তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলে প্রতিষ্ঠানের দুটি গাড়ি এবং উত্তোলিত অর্থ ফেরত দিতে বলা হয়। তবে তিনি তা ফেরত দিতে অস্বীকৃতি জানান। এ ছাড়া সময় টিভির মালিকানা প্রতিষ্ঠান সিটি গ্রুপ নিজেদের এসব সম্পদ ফেরতের দাবিতে আইনি নোটিশ পাঠালেও তিনি তাতে সাড়া দেননি।
আসামিপক্ষের আরেক আইনজীবী সালেহ উদ্দিন প্রথম আলোকে বলেন, ২০২৫ সালের ৫ মে মামলাটি দায়ের করেন সময় টিভির জ্যেষ্ঠ ব্যবস্থাপক সৈয়দ আসাদুজ্জামান। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত শেষে আদালতে প্রতিবেদন জমা দেয়। সালেহ উদ্দিনের দাবি, মূলত সামাজিকভাবে মানহানি করার উদ্দেশ্যে আহমেদ জোবায়েরের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে।
এর আগে প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও জালিয়াতির অভিযোগে করা আরেকটি মামলায় গত বছরের ১৮ জুন থেকে কারাগারে আছেন আহমেদ জোবায়ের। গত বছরের ১০ মে দায়ের হওয়া ওই মামলায় আসামিদের সমন জারি করে ১৭ জুনের মধ্যে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন আদালত। নির্ধারিত দিনে হাজির না হওয়ায় ১৭ জুন তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরদিন ১৮ জুন আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান। এরপর তাঁর করা একাধিক জামিন আবেদনও আদালত নামঞ্জুর করেন।