এক শুনানিতে সর্বোচ্চ আদালত বলেছেন, পাঁচ থেকে দশ হাজার টাকার ঋণ আদায়ের জন্য কৃষকের মাজায় (কোমর) দড়ি বেঁধে আনা হয়। শত শত কোটি টাকার ঋণ পরিশোধ আটকে রাখতে নিয়োগ করা হয় বড় বড় আইনজীবী।
‘মো. মাসুদুর রহমান বনাম অর্থঋণ আদালত এবং অন্যান্য’ শিরোনামে এক লিভ টু আপিলের শুনানিতে আজ সোমবার আপিল বিভাগ এ মন্তব্য করেন। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগে এ শুনানি হয়।
শুনানিকালে লিভ টু আপিলকারীর আইনজীবীর উদ্দেশে আদালত এ কথা বলেন। শুনানি নিয়ে লিভ টু আপিলটি খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।
আইনজীবীর তথ্যমতে, ফজলুর রহমান অ্যান্ড কোং ১৯৯৬-৯৭ সালে সোনালী ব্যাংকের মতিঝিল লোকাল অফিস থেকে ৩২ কোটি টাকা ঋণ নেয়। ২০১৭ সালে ফজলুর রহমান মারা যান। ওই ঋণ আদায়ে ২০১৭ সালে অর্থঋণ আদালতে ঋণগ্রহীতার বিরুদ্ধে মামলা করে সোনালী ব্যাংক। এ মামলার পরিপ্রেক্ষিতে ২০১৭ সালে ১০২ কোটি টাকা ডিক্রি পায় সোনালী ব্যাংক।
সংশ্লিষ্ট আইনজীবীর তথ্যমতে, পরবর্তী সময়ে ব্যাংকের করা জারি মোকদ্দমায় ফজলুর রহমানের সন্তানদের ছয় মাসের সিভিল জেল হয়। তখন ব্যাংকের পাওনার দাবির পরিমাণ ছিল ১১৫ কোটি টাকা।
সিভিল জেলের আদেশের বৈধতা নিয়ে তাঁরা হাইকোর্টে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রুল দিয়ে সিভিল জেলের আদেশ স্থগিত করেন। পরবর্তী সময়ে রুল শুনানির জন্য উঠলে হাইকোর্ট গত ২২ মে ফজলুর রহমানের পরিবারের সদস্যদের সহায়-সম্পত্তির বিবরণ দাখিলসহ নির্দেশনা দেন।
সহায়-সম্পত্তির বিবরণ দাখিলসহ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেন ফজলুর রহমানের ছেলে মাসুদুর রহমান।
আদালতে লিভ টু আপিলকারীর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মোকছেদুল ইসলাম। শুনানিকালে তাঁর উদ্দেশে আপিল বিভাগ ওই কথা বলেন। সোনালী ব্যাংকের পক্ষে শুনানি করেন আইনজীবী শামীম খালেদ আহমেদ।
পরে আইনজীবী শামীম খালেদ আহমেদ প্রথম আলোকে বলেন, ‘ঋণগ্রহীতার কাছে সোনালী ব্যাংকের বর্তমান পাওনার পরিমাণ দেড় শ কোটি টাকা। লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।
ফলে সহায়-সম্পত্তির বিবরণ দাখিল করতে হবে।’
লিভ টু আপিলকারীর আইনজীবী মোকছেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আইনে ঋণগ্রহীতার অবর্তমানে তাঁর পরিবারের সদস্যদের সিভিল জেল দেওয়ার সুযোগ নেই। মূলত, এটি নিয়েই মূল মামলা। মূল বিষয়বস্তু রেখে হাইকোর্ট ঋণগ্রহীতার পরিবারের চার সদস্যের সহায়-সম্পত্তির বিবরণ দাখিল করাসহ কয়েকটি নির্দেশনা দেন। এর বিরুদ্ধে লিভ টু আপিল করা হয়। আপিল বিভাগ লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন। তবে হাইকোর্টে মূল মামলাটি শুনানির অপেক্ষায় রয়েছে।’