শ্রমিক থেকে কারখানার মালিক, এরপর হয়ে গেলেন ‘মাদক কারবারি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবিউল ইসলাম
ছবি: সংগৃহীত

পোশাকশ্রমিক হিসেবে কাজ করতেন রবিউল ইসলাম। পরে নিজেই একটি পোশাক কারখানা চালু করেন। শুরুতে ভালোই চলছিল। তবে করোনা মহামারি তাঁর অগ্রযাত্রা থামিয়ে দেয়।

লোকসান সামলাতে না পেরে কারখানার সব যন্ত্রপাতি বিক্রি করেন রবিউল ইসলাম। সেই অর্থে কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ করে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেন। কর্মহীন হয়ে চরম বেকায়দায় পড়েন তিনি। একপর্যায়ে জড়িয়ে যান মাদকের কারবারে।

রবিউল ২৫ বছর ধরে রামপুরায় বসবাস করেন। তিনি সেখান থেকে মোটরসাইকেল চালিয়ে কুমিল্লার সীমান্তবর্তী এলাকায় যেতেন। ফেনসিডিল নিয়ে আবার রামপুরায় ফিরতেন।

মাদক বহনের সময় রাজধানীর বনশ্রী থেকে রবিউলকে গ্রেপ্তার করার পর এসব তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

পুলিশ বলছে, গত মঙ্গলবার রাতে ডিবি মতিঝিল বিভাগের খিলগাঁও অঞ্চলের দল রামপুরার বনশ্রী এলাকার একটি বাসায় মোটরসাইকেলে করে ফেনসিডিল আনা হচ্ছে—এমন খবর পেয়ে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেরে মোটরসাইকেল রেখে পালানোর সময় রবিউলকে গ্রেপ্তার করা হয়। এ সময় মোটরসাইকেলের জ্বালানি ট্যাংক থেকে ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

এ বিষয়ে ডিবি মতিঝিল বিভাগের উপকমিশনার মো. রাজীব আল মাসুদ বৃহস্পতিবার রাতে প্রথম আলোকে বলেন, রবিউল ২৫ বছর ধরে রামপুরায় বসবাস করেন। তিনি সেখান থেকে মোটরসাইকেল চালিয়ে কুমিল্লার সীমান্তবর্তী এলাকায় যেতেন। ফেনসিডিল নিয়ে আবার রামপুরায় ফিরতেন।

এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, মোটরসাইকেলের ট্যাংকের ভেতর বিশেষ কায়দায় একটি চেম্বার তৈরি করে ফেনসিডিল বহন করতেন রবিউল। এভাবে একসঙ্গে ৭০-৭৫ বোতল ফেনসিডিল বহন করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তিনি। তাঁর বিরুদ্ধে রামপুরা থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।