নিউগিনি প্রপার্টিজে হামলা-ভাঙচুর: জামিন পেলেন প্রধান আসামি শাহরিয়ার

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাংচুরের পর তছনছ হয়ে আছে স্টুডিওর বিভিন্ন সরঞ্জাম ও আসবাব। গত ২৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউ গিনি প্রপার্টিজেছবি: তানভীর আহাম্মেদ

রাজধানীর ইসিবি চত্বরে নিউগিনি প্রপার্টিজ লিমিটেডের প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলার প্রধান আসামি শাহরিয়ার মাহমুদ জামিন পেয়েছেন।

আজ মঙ্গলবার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) তারেক রহমান। তিনি বলেন, গতকাল সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াস শুনানি শেষে ১০ হাজার টাকা মুচলেকায় ধার্য তারিখ পর্যন্ত তাঁর জামিন মঞ্জুর করেন।

জানা যায়, শাহরিয়ার মাহমুদের বয়স ও শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে তাঁর আইনজীবী জামিনের আবেদন করেন। বিষয়টি আমলে নিয়ে শুনানি শেষে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।

আরও পড়ুন

গত ২৮ সেপ্টেম্বর শাহরিয়ারকে গ্রেপ্তার করে পুলিশ। ১ অক্টোবর আদালত তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ৭ অক্টোবর তাঁকে কারাগারে পাঠানো হয়েছিল।

নিউগিনি প্রপার্টিজের প্রকল্প কর্মকর্তা সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলাটি করেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়। প্রসিকিউশন সূত্র জানিয়েছে, এ মামলায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, গত ২৬ সেপ্টেম্বর রাতে দক্ষিণ মানিকদির ইসিবি চত্বরে নিউগিনি প্রপার্টিজের প্রকল্প এলাকায় প্রায় ৫০ জন দুষ্কৃতকারী বেআইনিভাবে ঢুকে হামলা চালায়। এ সময় তারা এলোপাতাড়ি প্রায় ৫০টি গুলি ছোড়ে এবং রামদা, ছোরা ও লাঠিসোঁটা নিয়ে আক্রমণ করে। এতে সাইট প্রকৌশলী মো. পারভেজসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন।

আরও পড়ুন
গত ২৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা–ভাঙচুর–লুটপাটের ঘটনা ঘটে।
ফাইল ছবি

হামলাকারীরা প্রকল্প এলাকা থেকে টাকা, ল্যাপটপ, কম্পিউটার, বিআরবি কেব্‌ল, ক্যামেরা ও ডিজিটাল মিডিয়া সরঞ্জামসহ বিপুল মালামাল লুট করে এবং গাড়ি ভাঙচুর করে। ওই সময় সেখানে থাকা আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউন ফিশ’ নামের স্টুডিওতেও ঢুকে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। ঘটনার পর রাতেই সালমান মুক্তাদির বিষয়টি নিয়ে একটি ভিডিও প্রকাশ করলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।

মামলায় উল্লেখ করা হয়, এ ঘটনায় প্রতিষ্ঠানের প্রায় ১ কোটি ৪২ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে এবং প্রায় ১ কোটি ৫০ লাখ ৪৩ হাজার টাকার মালামাল লুট হয়েছে।

খবর পেয়ে ক্যান্টনমেন্ট থানা-পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করেও গুলি চালায়। আত্মরক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগানের পাঁচটি গুলি ছোড়ে। পুলিশ ঘটনাস্থল থেকেই এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন