ব্যাংক কর্মকর্তা পরিচয়ে ফোন
বিশ্বাস করে বলে দিলেন ব্যক্তিগত তথ্য ও জন্মতারিখ, হারালেন অ্যাকাউন্টের দেড় লাখ টাকা
ব্যাংকের কর্মকর্তা পরিচয় দিয়ে রাজধানীর দক্ষিণ বনশ্রীর এক বাসিন্দার কাছ থেকে প্রায় দেড় লাখ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। ভুক্তভোগীর নাম সুধন চন্দ্র বর্মন। তিনি জানিয়েছেন, ফোনে কাগজপত্র হালনাগাদের কথা বলে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে এ টাকা নিয়েছে প্রতারক চক্রের সদস্যরা।
আজ মঙ্গলবার এ ঘটনায় রাজধানীর খিলগাঁও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সুধন চন্দ্র। জিডিতে তিনি বলেছেন, আজ বেলা ১১টা ৪২ মিনিটের দিকে দক্ষিণ বনশ্রীর বাসায় থাকা অবস্থায় তাঁর মুঠোফোনে একটি নম্বর থেকে কল আসে। ফোনদাতা নিজেকে ব্যাংকের কর্মকর্তা পরিচয় দিয়ে ব্যাংক হিসাবের কাগজপত্র হালনাগাদের জন্য কিছু তথ্য প্রয়োজন বলে জানান। ফোনদাতার কথায় বিশ্বাস করে তিনি নিজের ব্যক্তিগত তথ্য ও জন্মতারিখ দেন। এর কিছুক্ষণ পর তাঁর ব্র্যাক ব্যাংকের হিসাব থেকে দুটি নম্বরে ‘অ্যাড মানি’র মাধ্যমে মোট ১ লাখ ২৪ হাজার ৯৯৭ টাকা স্থানান্তর করা হয়।
জিডিতে সুধন চন্দ্র বর্মন আরও বলেন, টাকা স্থানান্তর হওয়ার পর সেই নম্বরে যোগাযোগের চেষ্টা করলে সেটি বন্ধ পাওয়া যায়। ব্যাংক কর্মকর্তার সরবরাহ করা আরেকটি নম্বরে ফোন করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
জিডিটি দেখভাল করছেন খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) ছানোয়ার হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, ঘটনাটি সাধারণ ডায়েরিভুক্ত করা হয়েছে। ঘটনার যথার্থতা যাচাই করে অর্থ উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করা হবে।