রাজধানীতে পৃথক অভিযানে শতাধিক গ্রেপ্তার
রাজধানীর তেজগাঁও, মিরপুর ও গুলশান এলাকায় গত দুই দিনে পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ১১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগে ৪৯, মিরপুর থানা এলাকায় ৩১ ও গুলশান থানা এলাকায় ৩০ জন রয়েছে।
শুক্রবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার পুলিশ অভিযান চালিয়ে তেজগাঁও থানা এলাকা থেকে পাঁচজন, শেরেবাংলা নগরে ৬ জন, মোহাম্মদপুরে ১৬ জন, আদাবরে ৭ জন, তেজগাঁও শিল্পাঞ্চলে ৮ জন ও হাতিরঝিল থানা এলাকা থেকে ৭ জনকে গ্রেপ্তার করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ৩১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া শুক্রবার পুলিশ গুলশান থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ৩০ জনকে গ্রেপ্তার করে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।