সাঈদ খোকনের রিমান্ড শুনানি: আদালত প্রাঙ্গণে আইনজীবীসহ কয়েকজনকে মারধর
সাঈদ খোকনের রিমান্ড শুনানির আগে আদালত চত্বরে বিক্ষোভ করার মধ্যে একজন আইনজীবীসহ কয়েকজনকে মারধর এবং একজন সাংবাদিককে হেনস্তা করেছেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা। আজ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
জুলাই অভ্যুত্থানের পর থেকে দুই বছরের বেশি সময় আত্মগোপনে থাকা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনকে গতকাল সোমবার দিবাগত রাতে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে আটক করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। পরে তাঁকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। ডিবি সাঈদ খোকনকে জুলাই অভ্যুত্থানে রাজধানীর জিগাতলায় কিশোর আবদুল মোতালিব হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে।
সাঈদ খোকনকে আদালতে হাজির করা হবে, এমন খবরে দুপুর থেকেই আদালত চত্বরে অবস্থান নেন স্থানীয় বিএনপি এবং সরকারি কবি নজরুল কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের নেতা-কর্মীরা। এ সময় তাঁদের কারও কারও হাতে ঝাড়ু দেখা যায়। এ সময় তাঁরা ‘লীগ ধর, জেলে ভর’, ‘হাসিনাকে ফাঁসি দে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
সাঈদ খোকনকে ডিবির একটি গাড়িতে করে আদালত প্রাঙ্গণে নেওয়া হয়। বিকেল সাড়ে পাঁচটার দিকে দিকে সাঈদ খোকনকে বহনকারী গাড়িটি হাজতখানায় ঢোকানোর মুহূর্তে নেতা-কর্মীরা ঝাড়ু প্রদর্শন করেন এবং ডিম নিক্ষেপ করেন।
শুনানির জন্য সাঈদ খোকনকে হাজতখানা থেকে আদালতে নেওয়ার কিছুক্ষণ আগে উপস্থিত বিএনপির নেতা-কর্মীরা সাইফুল ইসলাম সোহাগ নামের একজন আইনজীবীকে আওয়ামী লীগপন্থী হিসেবে উল্লেখ করে তাঁর ওপর হামলা করেন। মারধরের একপর্যায়ে ওই আইনজীবী মাটিতে পড়ে যান। তখনো কয়েকজনকে তাঁর ওপর হামলা চালাতে দেখা যায়। এ সময় একজন ব্যক্তি এ ঘটনার ভিডিও ধারণ করতে গেলে তাঁকেও মারধর করা হয়। ওই ব্যক্তির পরিচয় জানতে পারেনি প্রথম আলো। এ ঘটনার কিছুক্ষণ আগে আদালতের সামনের সড়কে সাঈদ খোকনের ‘ঘনিষ্ঠজন’ আখ্যা দিয়ে আরও একজনকে মারধর করেন উপস্থিত বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা।
পরে সাঈদ খোকনকে আদালতে তোলার জন্য হাজতখানা থেকে বের করে আদালত ভবনের সামনে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় ছবি তুলতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন একজন সাংবাদিক। মাসুদ রানা নামের ওই সাংবাদিক প্রথম আলোকে বলেন, ‘আসামি সাঈদ খোকনের ছবি ও ভিডিও নেওয়ার সময় উপস্থিত বিএনপি-ছাত্রদলের নেতা–কর্মীরা গায়ের ওপর এসে পড়েন। তাঁদের সরে যেতে বললে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে আমাকে হেনস্তা করেন ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।’
সন্ধ্যা ছয়টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সাঈদ খোকনকে বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট ও হাতকড়া পরিয়ে এজলাসে তোলা হয়। ৬টা ৫ মিনিটে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে শুনানি শুরু হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা জোনাল টিমের পরিদর্শক মো. সুজন হক তাঁর ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
শুনানিতে সাঈদ খোকনের পক্ষে তাঁর আইনজীবী প্রাণ নাথ রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানিতে তিনি আদালতকে বলেন, ‘আসামি সাঈদ খোকনের বিরুদ্ধে এ মামলায় যে হত্যার অভিযোগ আনা হয়েছে, তা সত্য নয়। মামলার এজাহারে তাঁর বিষয়ে সুস্পষ্ট করে কিছুই উল্লেখ নেই। তিনি শেষ সময়ে গুরুত্বপূর্ণ তেমন কোনো দায়িত্বে ছিলেন না। এই মামলার উল্লিখিত ঘটনাটি ও মামলা দায়েরের তারিখ অনেক পরে। এ মামলায় তাঁর ১০ দিনের রিমান্ডে নেওয়ার কোনো উপাদান নেই। আমরা রিমান্ড বাতিলপূর্বক জামিন চাই। যদি আমাদের জামিন না–ও দেন, তাতেও আমরা অসন্তুষ্ট না। তিনি অসুস্থ ও সাবেক এমপি ও মেয়র। তাঁর অবস্থান অনুযায়ী তাঁকে ডিভিশন দেওয়া হোক।’
অপর দিকে রিমান্ড আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরে রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী আদালতে বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনার অন্যতম সহযোগী এই সাঈদ খোকন। মুক্তিকামী ছাত্র–জনতা যখন জুলাইয়ে আন্দোলন করে, তখন সেই আন্দোলন দমানোর জন্য ছাত্র–জনতার ওপর হামলা ও গুলিবর্ষণ করেন এই আসামি। তাঁদের এই নিপীড়ন ও ছাত্র আন্দোলন দমানোর জন্য ছোড়া গুলিতে এই মামলার ভুক্তভোগী মোতালিব নিহত হয়।’
সাঈদ খোকন এই হত্যা মামলার ২৯ নম্বর আসামি উল্লেখ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, ‘দেশে যেভাবে নাশকতা চালানো হচ্ছে, গাড়িতে ও বাড়িতে আগুন দেওয়া হচ্ছে, এই নাশকতার সঙ্গে এই সাঈদ খোকন জড়িত। তাঁর নেতৃত্বে ও অর্থায়নে এই নাশকতা চালানো হচ্ছে। তাঁকে রিমান্ডে নিলে ও তাঁর ডিভাইস ফরেনসিক করলে দেখা যাবে তাঁদের নাশকতার চিত্র। দেশকে অস্থিতিশীল করতে ক্রমাগত নাশকতা করে যাচ্ছেন তাঁরা। জুলাইয়ে শুধু মোতালিব নয়, শত শত ছাত্র–জনতাকে তারা হত্যা করেছে। তাঁকে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করলে সব তথ্য পাওয়া যাবে।’
শুনানি চলাকালে সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে সাঈদ খোকন হাত উঁচু করে আদালতের উদ্দেশে বলেন, ‘স্যার, কথা বলতে চাই।’ তবে আদালত তাঁর বক্তব্য না শুনে সাত দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।