সাবেক মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাটের গাড়িবহরে হামলার মামলায় আরও দুজনের সাক্ষ্য গ্রহণ

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতফাইল ছবি: প্রথম আলো

সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলায় আরও দুজন সাক্ষ্য দিয়েছেন। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে মোহাম্মদপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) গ্রীশ চন্দ্র বর্মণ ও আজমল হোসেন সাক্ষ্য দেন। আদালতে সাক্ষ্য শেষে আসামিপক্ষের আইনজীবী গাজী ফয়সাল ইসলাম তাঁদের জেরা করেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী তৌহিদ খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ মামলায় জেরা শেষে আদালত পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৪ অক্টোবর দিন ধার্য করেছেন। এ মামলায় এখন পর্যন্ত ২৮ জন সাক্ষীর মধ্যে ৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আজ আদালতে আসামিরা হাজির ছিলেন।

মামলার আসামিরা হলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মোহাম্মদপুর থানার সভাপতি নাইমুল হাসান, মোহাম্মদ ইশতিয়াক মাহমুদ, ফিরোজ মাহমুদ, মীর আমজাদ হোসেন, সাজু ইসলাম, রাজীবুল ইসলাম, শহিদুল আলম খান, সিয়াম ও অলি আহমেদ। তাঁরা সবাই জামিনে আছেন। আজ সাক্ষ্যের দিন ধার্য থাকায় তাঁরা আদালতে হাজিরা দেন।

২০১৮ সালের ১০ আগস্ট রাতে বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার মোহাম্মদপুর থানায় মামলাটি করেন। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আব্দুর রউফ ২০২১ সালের ১৮ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে ১৯ জনকে সাক্ষী করা হয়। ২০২২ সালের ২৮ মার্চ সাক্ষ্য গ্রহণ শুরু হয়। ওই বছরের ৪ ডিসেম্বর পর্যন্ত ছয়জন সাক্ষ্য দেন। তাঁদের মধ্যে বদিউল আলম মজুমদার, খুশি বেগম ও মাহবুবুল আলম মজুমদার তাঁদের জবানবন্দিতে মোহাম্মদ ইশতিয়াক মাহমুদের নাম উল্লেখ করেন।

পরবর্তী সময়ে ২০২৩ সালের ১ জানুয়ারি তৎকালীন সিএমএম রেজাউল করিম চৌধুরী মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দেন ডিবিকে। ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর ডিবির সহকারী পুলিশ সুপার রাজন সাহা বদিউল আলম মজুমদারের শ্যালক মোহাম্মদ ইশতিয়াক মাহমুদসহ ৯ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র জমা দেন। পরে একই বছরের ১৯ নভেম্বর ঢাকার তৎকালীন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরী অভিযোগ গঠনের মাধ্যমে মামলাটির বিচার শুরুর আদেশ দেন।