হাতিরঝিলে হেরোইন উদ্ধারের মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

মহানগর দায়রা জজ আদালত, ঢাকাফাইল ছবি: প্রথম আলো

রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে ১ কেজি ২০০ গ্রাম হেরোইন ও দেড় কেজি হেরোইনসদৃশ পাউডার উদ্ধারের মামলায় মো. উজ্জ্বল আলী নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এ রায় ঘোষণা করেন।

মামলার নথি থেকে জানা যায়, গত বছরের ২ সেপ্টেম্বর ভোরে হাতিরঝিলের মধুবাগ এলাকার তিশা কুঠি নামের একটি বাসার সামনে অভিযান চালায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ দল।

গোপন সংবাদের ভিত্তিতে চালানো ওই অভিযানে উজ্জ্বল আলীকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি ও জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাঁর দেখানো বাসা থেকে ১২টি প্লাস্টিকের প্যাকেটে রাখা ১ কেজি ২০০ গ্রাম হেরোইন এবং ২৫টি প্যাকেটে থাকা দেড় কেজি হেরোইনসদৃশ পাউডার উদ্ধার করা হয়।

এ ঘটনায় ডিবির উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ গিয়াস উদ্দিন বাদী হয়ে হাতিরঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। জব্দ করা মাদকের বাজারমূল্য প্রায় এক কোটি টাকা বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছিল।

মামলায় অভিযোগ গঠনের পর বিচার চলাকালে চার্জশিটভুক্ত নয়জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। ১১ মে উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায় ঘোষণার জন্য আজকের দিন (২০ মে) ধার্য করেছিলেন।

রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, আসামির কাছ থেকে বিপুল পরিমাণ হেরোইন ও হেরোইনসদৃশ পাউডার উদ্ধার করা হয়েছে। এ ধরনের মাদক পাচার ও অবৈধ ব্যবসা সমাজে ভয়াবহ প্রভাব ফেলে এবং সামাজিক অবক্ষয় ঘটায়। তাই আসামির সাজা কমানোর মতো কোনো গ্রহণযোগ্য কারণ নেই।

রায়ে আরও বলা হয়, বিচার ও তদন্ত চলাকালে আসামি হাজতে যে সময় কাটিয়েছেন, তা ফৌজদারি কার্যবিধির ৩৫–এ ধারা অনুযায়ী মূল সাজা থেকে বাদ যাবে। এ ছাড়া জব্দ করা মাদকদ্রব্য ও অন্যান্য আলামত আপিলের সময়সীমা শেষে আইন অনুযায়ী ধ্বংস করার নির্দেশ দেন আদালত।