বাড্ডায় ব্যবসায়ী হত্যায় গ্রেপ্তার এক, অস্ত্র উদ্ধার
রাজধানী ঢাকার বাড্ডা থেকে মো. নূর আলম শেখ ওরফে নূরা নামের এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ বলছে, তিনি ব্যবসায়ী আনোয়ার হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বাড্ডা থানা।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৮ জুলাই রাতে পূর্ব আনন্দনগর এলাকা থেকে নূর আলমকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁকে পাঁচ দিন রিমান্ডে নেওয়া হয়।
জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গতকাল রোববার রাত ৯টা ১৫ মিনিটে বাড্ডার পূর্ব আনন্দনগর এলাকার হাওলাদারবাড়ির পেছনে একটি কংক্রিটের বস্তার নিচ থেকে ওই পিস্তল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মাদক ব্যবসাকে কেন্দ্র করে পূর্ববিরোধের জেরে গত ৮ মে রাত ১১টার দিকে বাড্ডার ভূঁইয়াবাড়ি ২৬ নম্বর কলোনি মোড়ে মো. আনোয়ার হোসেন (৪০) গুলিবিদ্ধ হন। তিনি আনন্দনগর থেকে বাড়ি ফেরার পথে আসামি নূরা ও তাঁর সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে হামলা চালান। আনোয়ারের পেটে গুলি করে তাঁরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় ৫ জুন দুপুর ১টা ৩৫ মিনিটে আনোয়ার হোসেন মারা যান। এ ঘটনায় বাড্ডা থানায় একটি হত্যা মামলা হয়।