নতুন জঙ্গি সংগঠনের ৫ সদস্য গ্রেপ্তার: র‍্যাব

জঙ্গিবাদ
প্রতীকী ছবি

নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র পাঁচ সদস্যকে নারায়ণগঞ্জের সোনারগাঁ এবং ঢাকার গুলিস্তান থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল রোববার তাঁদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব বলছে, গাইবান্ধায় পুলিশের এক সদস্য ইসলাম ধর্ম সম্পর্কে কটূক্তি করায় জঙ্গি সংগঠনটির উচ্চপর্যায়ের নির্দেশনায় হত্যার পরিকল্পনা করছিল। হত্যার পরিকল্পনা বাস্তবায়নে তিন থেকে চারজন সদস্য একত্রও হয়েছিলেন। সেই পরিকল্পনা বাস্তবায়নের আগেই এই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

আজ সোমবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন। র‍্যাবের এই কর্মকর্তা বলেন, এই পাঁচ সদস্যকে গ্রেপ্তারে র‌্যাব-১১ ও র‌্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখা অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লার লাকসামের মো. গোলাম সারোয়ার (২৫), গাইবান্ধা সদরের সাকিব মাহমুদ (২৭), মুন্সিগঞ্জের ফরহাদ হোসেন (২২) ও তাঁর ভাই মো. মুরাদ হোসেন (২১) এবং ফরিদপুর নগরকান্দার ওয়াসিকুর রহমান ওরফে নাঈম (২৮)। তাদের কাছ থেকে বিভিন্ন উগ্রবাদী বই, লিফলেট, একটি রেজিস্টার খাতা ও একটি ব্যাগ উদ্ধার করা হয়।

খন্দকার আল মঈন বলেন, রাজধানীর গুলিস্তানে সংগঠনের অর্থায়নে ‘ট্রাস্ট টেলিকম’ নামে মুঠোফনের যন্ত্রাংশের দোকান পরিচালনা করা হতো। দোকানের লভ্যাংশের অর্থ ব্যয় করা হতো সংগঠনের সদস্যদের প্রশিক্ষণসহ অন্যান্য সাংগঠনিক কার্যক্রমে। সংগঠনের অর্থায়নে মুন্সিগঞ্জে একটি গরু-ছাগলের খামার পরিচালনা করা হতো। সেখানে সংগঠনের নেতা–কর্মীরা বৈঠক করতেন। পার্বত্য অঞ্চলে প্রশিক্ষণের জন্য প্রথম পর্যায়ে ১২ জন সদস্যকে পাঠানোর সময়ে এই খামারে সবাইকে একত্র করা হয়েছিল।