রামপুরায় সাংবাদিকের বাসায় ডাকাতির অভিযোগ

অপরাধপ্রতীকী ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পূর্ব রামপুরায় বেটার লাইফ হসপিটালের পেছনে একটি বাসায় ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। গত রোববার দিবাগত রাত পৌনে তিনটার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, সাত-আটজনের একটি ডাকাত দল নির্মাণাধীন একটি ভবন থেকে গ্রিল কেটে একটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরা পারসন কামাল আহমেদের বাসায় প্রবেশ করে।

 ডাকাতেরা বাসার ভেতরে ঢুকে কামাল আহমেদ, তাঁর স্ত্রী ও দুই সন্তানকে হাত-পা বেঁধে ফেলে এবং চাপাতি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে। প্রায় দেড় ঘণ্টা ধরে বাসার ভেতরে ভাঙচুর চালিয়ে ৪ লাখ ৮৫ হাজার টাকা, প্রায় ৮ ভরি স্বর্ণালংকার, দুটি ল্যাপটপ ও একটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।

 রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) মশিউল আলম প্রথম আলোকে বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি। ডাকাতির ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা যায়নি। যে বাসায় ডাকাতি হয়েছে, সেখানকার বাসা ও আশপাশে কোনো সিসি ক্যামেরার ফুটেজ পাওয়া যায়নি।