ভিক্ষা করতে বেরিয়ে লাশ হলো শিশুটি
চট্টগ্রামে একটি পরিত্যক্ত ভবন থেকে আট বছর বয়সী এক মেয়েশিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
আজ রোববার দুপুরে নগরের বন্দর থানার পোর্ট কলোনি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তারা বলছে, হত্যার আগে শিশুটিকে ধর্ষণ করা হয়ে থাকতে পারে।
শিশুটি নগরের হালিশহর বড়পুল এলাকায় পরিবারের সঙ্গে থাকত। শিশুটির বাবা প্রথম আলোকে বলেন, তাঁর মেয়ে গতকাল শনিবার বিকেলে ভিক্ষা করার জন্য বাসা থেকে বের হয়। সন্ধ্যার পরও সে বাসায় ফিরে না আসায় তাঁরা মাইকিং করেন। আজ দুপুরে তার লাশ উদ্ধার হলো।
কে বা কারা কী কারণে শিশুটিকে খুন করেছে, তা বুঝতে পারছেন না বলে উল্লেখ করেন বাবা।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, পরিত্যক্ত একটি ভবনে শিশুটির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পুলিশ লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য শিশুটির লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। শিশু হত্যার বিষয়টি তদন্ত করা হচ্ছে।