৫ টাকার জন্য রাজধানীতে বাড়ির তত্ত্বাবধায়ককে খুন, আসামির মৃত্যুদণ্ড

আদালতপ্রতীকী ছবি

আট বছর আগে রাজধানীর ফার্মগেটের ইন্দিরা রোডের একটি বাড়ির তত্ত্বাবধায়ককে খুনের ঘটনায় মো. কাজল নামের এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-১১–এর বিচারক মো. নূরুল ইসলাম আজ মঙ্গলবার এ রায় দেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

দণ্ডিত কাজল ২০১৮ সালের ২৫ মার্চ থেকে কারাগারে আছেন। আজ রায় ঘোষণার সময় তাঁকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণা শেষে তাঁকে আবারও কারাগারে পাঠানো হয়েছে।

আসামি কাজলের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার জারিয়া গ্রামে। তাঁর বাবার নাম মো. ফজর আলী ও মায়ের নাম আয়েশা বেগম।

মামলার বিবরণ অনুযায়ী, কুমিল্লার হোমনা উপজেলার দরিচর গ্রামের জুলহাস মিয়া ফার্মগেটের ইন্দিরা রোডের একটি বাসায় ৩০ বছর ধরে তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করছিলেন। ২০১৮ সালের ২০ মার্চ সন্ধ্যা পৌনে সাতটার দিকে তিনি বাসাটির সংলগ্ন সিমেন্টের একটি দোকানের সামনে আসেন। তখন আসামি কাজল তাঁর (জুলহাস) কাছে ৫ টাকা চান। টাকা দিতে দেরি হওয়ায় কাজল তাঁর হাতে থাকা ধারালো ছুরি দিয়ে জুলহাসের পেটে সজোরে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত জুলহাস মিয়ার ছেলে মো. সাইফুল শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন। গ্রেপ্তারের পর আসামিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হলে তিনি হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।

মামলাটি তদন্ত করে একই বছরের ৯ জুন আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেন শেরেবাংলা নগর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. সুজানুল ইসলাম।

পরে ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। বিচার চলাকালে ১৫ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।