দিনদুপুরে প্রকাশ্যে কুপিয়ে কিশোর গ্যাংয়ের একটি গ্রুপের প্রধানকে হত্যা
রাজধানীর মোহাম্মদপুরে আজ রোববার দিনদুপুরে কুপিয়ে জখম করা ইমন ওরফে এলেক্স ইমন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইমন কিশোর গ্যাং ‘এলেক্স গ্রুপ’–এর প্রধান ছিলেন। এ ঘটনায় তিনজনকে ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি মোহাম্মদপুরের রায়েরবাজারে বেড়িবাঁধ এলাকায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে কিশোর গ্যাং এলেক্স গ্রুপ ও আরমান শাহরুখ গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এর জেরেই এ হামলার ঘটনা ঘটে। আহত ইমনকে স্থানীয়ভাবে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। বিকেল সাড়ে চারটার দিকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, হামলায় জড়িত তিনজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। তাঁরা হলেন মো. সাইফ (২৩), তুহিন (২০) ও মো. রাব্বী কাজী (২৫)। তাঁদের কাছ থেকে তিনটি চাপাতি, একটি কাটার, স্টিলের একটি পাত জব্দ করা হয়েছে। তাঁরা আরমান শাহরুখ গ্রুপের সদস্য।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মোহাম্মদপুর এলাকায় দীর্ঘদিন ধরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ রয়েছে। বিভিন্ন সময় এলাকায় একাধিক গ্যাং গড়ে উঠেছে। এরা নিজেদের মধ্যে আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও নানা অপরাধে জড়িয়ে পড়ছে। এসব গ্যাংয়ের সদস্যদের বেশির ভাগই কিশোর বা তরুণ, যাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের শক্তি প্রদর্শন করেন এবং এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা চালান।