মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬
প্রতারণা, চুরিসহ বিভিন্ন অভিযোগে রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিভিন্ন জায়গা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ শনিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মোহাম্মদপুর থানা–পুলিশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতারণার অভিযোগে একজন, চুরির অভিযোগে দুজন ও দস্যুতার অভিযোগে থাকা মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া পরোয়ানাভুক্ত আসামি তিনজন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে একজন এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অধ্যাদেশ আইনে আরও সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশ আইনে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সুমন (২৩), নাঈম (২০), আনোয়ার (৫৭), মাসুদ মোল্লা (৩৩), রাসেল (৩০), রবিউল (১৯), সাগর (২৭), ইমন (২৪), লালচান বাদশা (২৪), আরাফাত হোসেন (২১), জোবায়ের (২০), আনোয়ারুল ইসলাম (৪৪), এ কে এম সাঈদ (৪৮), রবিন (২৫), ইমরান (৩২) ও হাসান (২৮)।
এ ছাড়াও বিশেষ অভিযানে ৩৫টি ককটেল এবং ৩২টি টিনের কৌটা উদ্ধার করা হয়েছে।