পাবলিক টয়লেটের পাশে ভাগাড়ে পড়ে ছিল গুলিসহ পিস্তল-রিভলবার
রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল, একটি রিভলবার ও ছয়টি গুলি উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে শাহজাহানপুর থানাধীন দক্ষিণ খিলগাঁও এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।
আজ রোববার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ১২টার দিকে দক্ষিণ খিলগাঁও বাগিচার ঝিলপাড় পাবলিক টয়লেটের পশ্চিম পাশের একটি ময়লার ভাগাড়ে অভিযান চালায় পুলিশ। তল্লাশির সময় সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় এই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।