পল্লবীতে ‘চাঁদা না পেয়ে’ ভাইকে গুলি, বোনকে ছুরিকাঘাত

গুলিপ্রতীকী ছবি: রয়টার্স

রাজধানীর পল্লবীর কালশী আদর্শনগর এলাকায় চাঁদা না পেয়ে দুর্বৃত্তরা একজনকে গুলি ও তাঁর বোনকে ছুরিকাঘাত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে। বর্তমানে দুজনই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আহত ব্যক্তিরা হলেন সুমন মিয়া (৩২) ও তাঁর বড় বোন লাভলী বেগম (৪৫)। দুজনই কালশী এলাকার বাসিন্দা।

আহত সুমনের স্ত্রী মাহিমা জানান, সুমন সিসিটিভি ক্যামেরার ব্যবসা করেন। গতকাল রাত সাড়ে ৯টার দিকে কালশী আদর্শনগরের ২২তলা ভবনের পেছনে স্থানীয় সন্ত্রাসী শরীফ, কবিরসহ পাঁচ-ছয়জন এসে চাঁদা দাবি করেন। এ নিয়ে লাভলী বেগমের সঙ্গে তাঁদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা তাঁকে ছুরিকাঘাত করেন। এ সময় সুমন এগিয়ে এসে চিৎকার শুরু করলে তাঁকে গুলি করে পালিয়ে যান তাঁরা।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, রাতে আহত দুজনকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে সুমনের অবস্থা আশঙ্কাজনক। এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম প্রথম আলোকে বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি। জড়িত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।