আদাবর ও মোহাম্মদপুরে ডাকাতি, ছিনতাইকারীসহ ২৭ জন গ্রেপ্তার
রাজধানীর আদাবর ও মোহাম্মদপুর থেকে ডাকাতি, মাদক, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যাঁদের মধ্যে আদাবর থানার শ্যামলী হাউজিং প্রকল্প-২, সুনিবিড় হাউজিং, শেখেরটেক থেকে ৯ জন এবং মোহাম্মদপুর থানার বিভিন্ন এলাকা থেকে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়। গত বৃহস্পতিবার দিনব্যাপী অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
শুক্রবার ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর অঞ্চলের সহকারী কমিশনার এ কে এম মেহেদী হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। আসামিদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার ১৮ জনের মধ্যে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন, পরোয়ানাভুক্ত আসামি ৪ জন, মাদক মামলায় ৭ জন, খুনের মামলায় ১ জন ও ঢাকা মহানগর পুলিশের অধ্যাদেশ অমান্যে ২ জন রয়েছেন। আসামিদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা, ২ কেজি গাঁজা, ১০৮টি ট্যাপেনটাডোল মাদক উদ্ধার করা হয়েছে।
মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন রিয়াজ (৩২), বিল্লাল (৩৫), সাব্বির (৩৫), কাশেম (২৩), শিশু (৪২), শাকিল (২১), আব্দুর রহমান (২১), সুজন (২৪), রতন (২২), আরিফ (৩০), সারোয়ার (২৮), জিহাদ (২৩), মেহেদী (৩০), মহিউদ্দিন (৩০), রানা (২৪), হিরা (২৭), হাসিবুর রহমান (২৫) ও প্রিয়াঙ্কা (২৫)।
অন্যদিকে আদাবর থানা থেকে গ্রেপ্তার ৯ জনের মধ্যে ৩ জন ছিনতাইকারী, পরোয়ানাভুক্ত আসামি ১ জন এবং ডিএমপির অধ্যাদেশে ২ জন ও বাকি ৩ জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সরোয়ার ২৬), স্বপন খাঁ (২৬), মো. সাজু (২২), শাওন (৩৯), রাব্বী (২১), রিংকু (২০), সবুজ (২০), রকি হোসেন (২৬) ও প্রদীপ (২৮)।