গ্রিল–তালা কেটে কয়েক মিনিটে চুরি করে জ্যাক–জামাল জুটি
ঢাকার বিভিন্ন এলাকায় গ্রিল ও তালা কেটে চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে মিরপুর থানা–পুলিশ। আজ শুক্রবার রাজধানীর মোহাম্মদপুরের জাফরাবাদ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন জাকির হোসেন ওরফে জ্যাক (৪৪), নূর জামাল ওরফে জামাল (২৬) ও সোহেল (৩৫)।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার জাকির ও জামাল চোরদের কাছে জ্যাক–জামাল জুটি নামে পরিচিত। তাঁরা গ্রিল কাটা ও তালা ভাঙায় খুবই পারদর্শী। গ্রিল কেটে চুরি করার ক্ষেত্রে তাঁরা সময় নেন কয়েক মিনিট। চুরির সুবিধার্থে তাঁরা চুরির টাকায় পিকআপ ভ্যান কিনেছেন। লক্ষ্যবস্তু নির্ধারণ এবং চুরির পর মালামাল নিয়ে দ্রুত স্থান ত্যাগ করতে তাঁরা পিকআপ ভ্যান ব্যবহার করেন। এভাবে তাঁরা সাত বছরে দেড় শতাধিক দোকান ও বাসাবাড়িতে চুরি করেছেন। তাঁদের কাছ থেকে পিকআপ ভ্যানও উদ্ধার করা হয়েছে।
মিরপুর থানার ওসির ভাষ্য, জ্যাক-জামালের লক্ষ্যবস্তু ছোট ছোট দোকান। সাধারণত রাস্তার ওপর থাকা ছোট ছোট পান-সিগারেট, মুঠোফোন রিচার্জ, মুদির দোকান তাঁদের মূল লক্ষ্যবস্তু। কারণ এসব দোকানদার সাধারণত অপেক্ষাকৃত নিম্ন আয়ের হয়। তাই চুরি করলেও তাঁরা মামলা করেন না। এ কারণেই দেড় শতাধিক চুরি করলেও তাঁদের বিরুদ্ধে মামলা খুবই কম। জাকির ওরফে জ্যাকের বিরুদ্ধে চারটি এবং জামালের বিরুদ্ধে তিনটি মামলার তথ্য পাওয়া গেছে।
যেভাবে গ্রেপ্তার
পুলিশ জানায়, ঘটনাটি ছয় মাস আগের। ২০২২ সালের ৭ সেপ্টেম্বর মিরপুর বড়বাগ পলিভিটা বেকারি এলাকার আসাদুজ্জামান নূরের ‘নিউ মিউজিক এশিয়া’ নামের এক দোকান থেকে বিভিন্ন ব্র্যান্ডের ২৩টি মুঠোফোন, একটি ল্যাপটপসহ দেড় লাখ টাকার মালামাল চুরি হয়। ক্লোজড সার্কিট ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জাকির ও জামালকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের সদস্য সোহেলক গ্রেপ্তার করা হয়।
মিরপুর থানার ওসি বলেন, পিকআপ ভ্যান নিয়ে রাত ২টার দিকে জ্যাক-জামাল চুরি করতে বের হন। চুরির কাজ সম্পন্ন করে সকাল ৬টার দিকে বাসায় ফেরেন। তাঁদের মধ্যে জ্যাক গ্রিল ও তালা কাটায় পারদর্শী। গ্রিল বা তালা কাটতে তিনি কয়েক সেকেন্ড সময় নেন। পুরো চুরির কাজ সম্পন্ন করতে সময় নেন কয়েক মিনিট। এক রাতে তাঁরা সর্বোচ্চ চারটি পর্যন্ত চুরি করেছেন।