ঈদুল ফিতরের পর থেকে আবাসিক হোটেলে থাকতেন, আজ মিলল মরদেহ
পুরান ঢাকার বংশালের একটি আবাসিক হোটেল থেকে শামীম হাসনাত (৪৬) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে সিদ্দিক বাজার এলাকার ‘ঢাকা প্যালেস’ নামের ওই আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আবাসিক হোটেলটির চতুর্থ তলার ১২১ নম্বর কক্ষে গত ঈদুল ফিতরের পর থেকে ভাড়া থাকতেন শামীম হাসনাত। গতকাল বুধবার রাত থেকে কক্ষটি ভেতর থেকে বন্ধ ছিল। আজ সকালে কক্ষ পরিষ্কার করতে গিয়ে পরিচ্ছন্নতাকর্মী সাহিদা বেগম দরজায় ধাক্কা দিলে সেটি খুলে যায়। এ সময় তিনি শামীমকে কক্ষের ভেতরে বিবস্ত্র অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি হোটেল কর্তৃপক্ষকে জানানো হলে তারা বংশাল থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
হোটেল কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, শামীম দীর্ঘদিন ধরে ওই কক্ষে অবস্থান করছিলেন। তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন এবং বাসায় না থেকে হোটেলেই থাকতেন।
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।
কী কারণে এবং কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। শামীম হাসনাতের বাড়ি কিশোরগঞ্জ বাজিতপুরের শশেয়দিঘীতে।