বিদেশি পিস্তলসহ টেকনাফ থেকে এক মানব পাচারকারী আটক
কক্সবাজারের টেকনাফে বিদেশি পিস্তলসহ মো. ইয়াসিন (২৮) নামের এক মানব পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। তিনি টেকনাফ উপজেলার মহেশখালিয়াপাড়ার বাসিন্দা।
শুক্রবার দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম জানান, গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১১টার দিকে টেকনাফের মহেশখালিয়াপাড়া–সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালান কোস্টগার্ডের টেকনাফ স্টেশনের সদস্যরা। এ সময় ৭ দশমিক ৬৫ মিলিমিটার ক্যালিবারের একটি বিদেশি পিস্তলসহ ইয়াসিনকে আটক করা হয়।
কোস্টগার্ড জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াসিন দীর্ঘদিন ধরে মানব পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে হত্যা ও মানব পাচারের একাধিক মামলা রয়েছে। জব্দ করা অস্ত্রসহ আটক ইয়াসিনের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।