সোনা চোরাচালানের মামলায় একজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনার বার
ফাইল ছবি

আট বছর আগে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে সোনার ১২টি বার উদ্ধারের ঘটনায় করা মামলায় তাঁকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁর নাম আরিফ মঈনুদ্দীন।

আজ রোববার চট্টগ্রাম মহানগর দায়রা জজ জেবুননেসা বেগম এ রায় দেন।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি আবদুর রশিদ প্রথম আলোকে বলেন, আদালত আসামিকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেন। তবে আসামি গ্রেপ্তার হওয়ার পাঁচ মাস পর জামিনে গিয়ে পলাতক রয়েছেন।

আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ২৩ ফেব্রুয়ারি দুবাই থেকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইট আসে। সেই ফ্লাইটে আসেন আরিফ। তিনি বিমানবন্দর ছাড়ার আগে তাঁর কাছে শুল্ক আরোপযোগ্য কোনো পণ্য নেই বলে ঘোষণা দেন। পরে শুল্ক ও গোয়েন্দা বিভাগ তাঁর ব্যাগ তল্লাশি করে একটি টর্চলাইটের ব্যাটারি রাখার স্থানে সোনার ১২টি বার পান। এসব বারের ওজন ১ কেজি ৪০০ গ্রাম। এ ঘটনায় আসামির বিরুদ্ধে পতেঙ্গা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়। তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দেওয়ার পর আদালত আসামির বিরুদ্ধে চোরাচালানের অভিযোগ গঠন করেন। ৯ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন।