নিখোঁজের ৩ দিন পর তেজগাঁওয়ে কিশোরের মরদেহ উদ্ধার

মরদেহপ্রতীকী ছবি

রাজধানীতে নিখোঁজের তিন দিন পর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে মো. বিজয় (১৭) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার ছলিম ইন্ডাস্ট্রিজ নামের একটি প্রতিষ্ঠানের পেছনে জেনারেটর কক্ষের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিজয় ওই প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করত।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার পরিদর্শক (তদন্ত) বাদল গোমস্তা বলেন, বিজয় গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিল। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে বনানী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। তিনি বলেন, মরদেহের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে ওই কক্ষের ভেতরে রাখা হয়েছিল।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

তদন্তসংশ্লিষ্ট একটি সূত্র বলছে, এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। নিহতের পরিবার একই প্রতিষ্ঠানের একজন পিয়নের সঙ্গে বিজয়ের দ্বন্দ্বের কথা জানিয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

পুলিশ জানায়, বিজয়ের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায়। সে মহাখালী সাততলা বস্তিতে পরিবারের সঙ্গে থাকত।