মোহাম্মদপুরে দুটি সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে আহত ২
রাজধানীর মোহাম্মদপুরে তিন রাস্তার কাছে আজ বৃহস্পতিবার রাতে এলাকায় আধিপত্য বিস্তার ও দ্বন্দ্বের জের ধরে স্থানীয় দুটি সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একটি পক্ষের দুজন আহত হয়েছেন।
পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার মো. জুয়েল রানা প্রথম আলোকে বলেন, রাত পৌনে ৯টার দিকে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকার তিন রাস্তার আগে স্থানীয় সন্ত্রাসী সাব্বির গ্রুপের সঙ্গে পটালি গ্রুপের সদস্যরা লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে পাটালি গ্রুপের দুই সদস্য আহত হন। তাঁদের স্থানীয় কোনো হাসপাতালে নেওয়া হয়েছে।
গত ১৫ সেপ্টেম্বর সাব্বির গ্রুপের চাপাতির কোপ ও গুলিতে খুন হন পাটালি গ্রুপের ফরহাদ হোসেন (২৩)। ওই ঘটনায় করা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সাব্বির গ্রুপের আরমানকে পুলিশে ধরিয়ে দেওয়া হয়। এর জের ধরে সাব্বির গ্রুপ পাটালি গ্রুপের ওপর হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে পাটালি গ্রুপের সদস্য ফরহাদের ভগ্নিপতি ও ভাগনে আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগে দুই পক্ষ এলাকা ছেড়ে চলে যায়। সেখানকার পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।