গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা প্ররোচনা মামলায় ওবায়দুর কারাগারে
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার প্ররোচনার মামলায় নিহতের মামা ওবায়দুর রহমানকে চার দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁর জামিন শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করা হয়েছে।
সোমবার রিমান্ড শেষে ওবায়দুরকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা তেজগাঁও বিভাগের পুলিশ পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন। অন্যদিকে আসামিপক্ষে আইনজীবী গোলাম সাবের চৌধুরী জামিনের আবেদন করেন। শুনানি নিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন এবং আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার জামিন শুনানির দিন নির্ধারণ করেন। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রফিকুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আদালত সূত্র জানায়, গত ২৩ সেপ্টেম্বর ওবায়দুর রহমানকে রাজধানী থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর গত ২৮ সেপ্টেম্বর তদন্ত কর্মকর্তা তাঁর পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য ১ অক্টোবর দিন ধার্য করেন। ১ অক্টোবর শুনানি শেষে আদালত তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।
এর আগে গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের উল্টো দিকের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ওই রাতেই সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। এ ঘটনায় রাতেই মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, তাঁর স্ত্রী মাকছুদা ইসলাম ও নিহত নারীর মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেন। এ মামলায় গ্রেপ্তার হয়ে এখনো কারাগারে আছেন গাজী নজরুল।