রাজধানীতে রাতে দুই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ, আ.লীগ নেতা গ্রেপ্তার

দুর্বৃত্তদের ককটেল বিস্ফোরণের পরের দৃশ্য। বসিলা রোড, মোহাম্মদপুর, ঢাকা। ২৮ নভেম্বর ২০২৬ছবি: ভিডিও থেকে নেওয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পৃথক দুটি স্থানে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া মোহাম্মদপুর ও মগবাজার এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এদিকে মোহাম্মদপুর এলাকা থেকে এক আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে এসব ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার রাত ১১টার দিকে ভাষানটেক থানার টিনশেড এলাকায় রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিশ্চিত করে ভাষানটেক থানার ডিউটি অফিসার মেহেদী হাসান জানান, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এর কিছুক্ষণ পর রাত সাড়ে ১১টার দিকে পল্টনের দৈনিক বাংলা মোড়ে আরেকটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পল্টন থানার ডিউটি অফিসার মনসুর জানান, বাসে আগুনের ঘটনায় কেউ হতাহত হননি। তবে কারা এবং কীভাবে বাসটিতে আগুন দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

পুলিশের হাতে গ্রেপ্তার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক এইচ এম কবির হিরা
ছবি: ভিডিও থেকে নেওয়া

এদিকে বাসে অগ্নিসংযোগের ঘটনার আগে রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত ১০টার দিকে রমনা থানার মগবাজার ওয়্যারলেস এলাকার তাজ হোটেলের সামনে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় বলে নিশ্চিত করেছেন রমনা থানার ডিউটি অফিসার।

এর কিছুক্ষণ পর রাত ১০টা ২০ মিনিটের দিকে মোহাম্মদপুরের বসিলা রোডে যাত্রী ছাউনির সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে রাত ১টায় পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা সাংবাদিকদের এক খুদে বার্তায় জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক এইচ এম কবির হিরাকে মোহাম্মদপুর থানার রায়েরবাজার ফাঁড়ি পুলিশ গ্রেপ্তার করেছে।