দুর্ঘটনার ভুয়া খবর দিয়ে স্বজনদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ১

ঢাকা রেলওয়ে পুলিশের হাতে গ্রেপ্তার মো. আতাউর রহমান ওরফে মেরাজুল। ঢাকা, ১২ এপ্রিল ২০২৬ছবি: ঢাকা রেলওয়ে পুলিশের সৌজন্যে

যাত্রীদের স্বজনদের কাছে দুর্ঘটনার ভুয়া খবর দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। আজ রোববার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কমলাপুর রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে মো. আতাউর রহমান ওরফে মেরাজুল (২৭) নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায়।

রেলওয়ে পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আতাউর দীর্ঘদিন ধরে বিকাশের মাধ্যমে প্রতারণা করার কথা স্বীকার করেছেন। তিনি রেলস্টেশনের প্ল্যাটফর্মে অবস্থান করে অপ্রাপ্তবয়স্ক ও সহজ–সরল যাত্রীদের লক্ষ্যবস্তু করতেন। পরে কৌশলে তাঁদের পরিবারের মুঠোফোন নম্বর সংগ্রহ করে কল দিতেন। ফোনে জানাতেন, তাঁদের সন্তান বা স্বজন গুরুতর দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন এবং জরুরি চিকিৎসা ও রক্তের জন্য দ্রুত টাকা প্রয়োজন। এভাবে আতঙ্ক সৃষ্টি করে মোবাইল আর্থিক সেবার (এমএফএস) মাধ্যমে তিনি টাকা হাতিয়ে নিতেন।

পুলিশ বলছে, ময়মনসিংহের পাগলা এলাকার এক কিশোরের পরিবারের কাছ থেকে একই কৌশলে ১৩ হাজার টাকা হাতিয়ে নেওয়ার প্রমাণ পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে আতাউর জানান, অনলাইন জুয়ায় আসক্ত হয়ে তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েন। এরপর বাড়ি ছেড়ে বিভিন্ন রেলস্টেশনে অবস্থান করতে থাকেন এবং এ ধরনের প্রতারণায় জড়িয়ে পড়েন।

আতাউরের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা রেলওয়ে পুলিশ জানায়, এ ধরনের প্রতারণা প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সন্দেহজনক কোনো ফোনকল বা কার্যকলাপ দেখলে নিকটস্থ রেলওয়ে পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে জনসাধারণকে অনুরোধ করা হয়েছে।