কিশোর গ্যাং দ্বন্দ্ব: এলেক্স গ্রুপের প্রধান ইমন হত্যা মামলার ছয় আসামি রিমান্ডে

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতফাইল ছবি: প্রথম আলো

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাং ‘এলেক্স গ্রুপ’-এর প্রধান ইমন ওরফে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার ঘটনায় করা মামলায় ছয় আসামির চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম এ আদেশ দেন। রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেন সাঈদ হোসেন শিমুল ওরফে আইয়ুশ, মো. তুহিন বিশ্বাস, মো. রাব্বি কাজী, সুমন ওরফে পাখির পোলা সুমন, মো. রানা ও রাসেল ওরফে পিচ্চি রাসেল।

মামলার তদন্ত কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) সাধন কুমার মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এর আগে গত ১৩ ও ১৪ ফেব্রুয়ারি দুই দফায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়েছিল। আজ রিমান্ড শুনানির দিন ধার্য ছিল। শুনানি শেষে আদালত প্রত্যেকের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গত রোববার রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বে ইমনকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষ। গুরুতর আহত অবস্থায় তাঁকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, সম্প্রতি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন কিশোর গ্যাংয়ের মধ্যে বিরোধ চলছিল। এর জেরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন ইমনের মা ফেরদৌসী মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন।