রাজধানীর কাফরুলে হেরোইন উদ্ধারের মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড
রাজধানীর কাফরুল এলাকায় কাজীপাড়া পদচারী–সেতুর নিচে ২২৫ পুরিয়া হেরোইন উদ্ধারের মামলায় মো. রব মিয়া নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আবদুর রশিদ মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল।
মামলার অভিযোগে বলা হয়, ২০১৬ সালের ২৩ ফেব্রুয়ারি রাতে কাফরুল থানা-পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে, কাজীপাড়া পদচারী-সেতুর নিচের রাস্তায় মাদক বিক্রির উদ্দেশ্যে কয়েকজন অবস্থান করছেন। পরে রাত সোয়া ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মো. রব মিয়াকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে আনুমানিক ৪০ হাজার টাকা মূল্যের ২২৫ পুরিয়া হেরোইন জব্দ করা হয়।
এ ঘটনায় কাফরুল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আবু জাহিদ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৬ সালের ৩১ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) মো. বায়েজীদ মোস্তফা। একই বছরের ৩ আগস্ট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিক বিচার শুরু হয়। মামলাটির বিচার চলাকালে রাষ্ট্রপক্ষের মোট আটজন সাক্ষীর মধ্যে পাঁচজনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।