চুরি ঠেকাতে আমগাছে বৈদ্যুতিক তার, সেই তারে জড়িয়ে দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্তানদের হারিয়ে দিশাহারা মারফত মিয়া। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ১২ এপ্রিল
ছবি: প্রথম আলো

গাছ থেকে কেউ যাতে আম চুরি করতে না পারে, সে জন্য আমগাছে বিদ্যুতের তার ঝুলিয়ে রেখেছিল গাছটির মালিক। আজ বুধবার দুপুরে আট বছরের আরিয়ান মিয়া ও তার দুই বছর বয়সী ছোট ভাই রায়হান মিয়া ওই গাছের নিচে খেলা করতে যায়। এ সময় বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারা মারা যায়। রাজধানীর ডেমরা বামৈল এলাকায় এ ঘটনা ঘটে।

আমগাছটির পাশেই বাসা ইয়াসির আরাফাত নামের এক ব্যক্তির। তিনি রাজমিস্ত্রি। তিনি এই দুই শিশুকে নিয়ে হাসপাতালে আসেন। তিনি আজ দুপুরে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রথম আলোকে বলেন, বেলা দেড়টার দিকে দুপুরে বাসায় খেতে এসে দেখেন একটি আমগাছের নিচে নিথর অবস্থায় এক শিশু পড়ে আছে। আরেক শিশু বৈদ্যুতিক তারের সঙ্গে ঝুলছে। তিনি দ্রুত সেখানে ছুটে যান এবং আশপাশের সবাইকে ডেকে শিশুদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাদের বেলা আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, দুই শিশুকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
শিশুদের মা অ্যানি বেগম বামৈল এলাকায় একটি ছাতা তৈরির কারখানার শ্রমিক। তাদের বাবা মারফত মিয়া ভ্যানচালক।

ছেলেদের মৃত্যুর খবর পেয়ে বাবা মারফত মিয়া আজ দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসেন। তিনি প্রথম আলোকে বলেন, আজ সকালে তিনি কাজে বের হন। এ সময় দুই ছেলেকে সঙ্গে নিয়ে ওদের মা তাঁর কর্মস্থল ছাতা কারখানায় যান। আমগাছের তলায় ছেলেদের খেলা করার কথা বলে মা কারখানায় ঢুকেছিলেন। এ সময় তাদের দুই ছেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এখন দুই সন্তানকে হারিয়ে তিনি এখন কীভাবে বাঁচবেন? এই ঘটনার পর তাঁর স্ত্রীও পাগলপ্রায়।

আজ বিকেলে যোগাযোগ করা হলে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, আমগাছের মালিক জাহানারা বেগমসহ চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জাহানারা বেগমের অবহেলার জন্য শিশু দুটির মৃত্যু হয়েছে। তাই এ ঘটনায় তাঁর বিরুদ্ধে থানায় মামলা করা হবে।