স্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় গলা কেটে হত্যা: পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

রংমিস্ত্রি মো. কবিরের স্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করেছিলেন লেগুনার লাইনম্যান নবী হোসেন। এতে তাঁর ওপর চটে যান কবির। পরে তুরাগ নদের তীরে নিয়ে গলা কেটে হত্যা করেন তাঁকে। নবী হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তার চারজনের স্বীকারোক্তির বরাত দিয়ে সোমবার এ তথ্য জানিয়েছে পুলিশ।

এর আগে ৫ এপ্রিল রাজধানীর বছিলায় তুরাগতীর থেকে নবী হোসেনের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গত শনিবার মোহাম্মদপুর থানায় একটি মামলা করেন নিহতের ভাই আলী হোসেন। সেই মামলার তদন্তে নেমে হত্যায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. কবির, মহিদুল ইসলাম, ইমরান আহম্মেদ ও ফয়সাল আহমেদ। রাজধানীর মিরপুর, বছিলা, কেরানীগঞ্জ ও সিলেটের ওসমানী নগরে এ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে বিস্তারিত জানাতে সোমবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, নিহত নবী হোসেনের সঙ্গে কবিরের পূর্বপরিচয় ছিল। সম্প্রতি তাঁদের মধ্যে বিরোধ দেখা দেয়। একপর্যায়ে কবিরের স্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন নবী হোসেন। এতে ক্ষিপ্ত হন কবির।

আজিমুল হক বলেন, নবী হোসেনকে হত্যার পরিকল্পনা করেন কবির। পরে গত ৪ মার্চ রাত ১০টার দিকে কৌশলে তাঁকে বছিলা হাউজিংয়ের ৪০ ফুট সড়কের শেষ মাথায় তুরাগের তীরে নিয়ে যান কবিরসহ গ্রেপ্তার আসামিরা। সেখানে নবী হোসেনকে ঘুমের ওষুধ মেশানো মদ পান করান তাঁরা। কিছুক্ষণ পর নবী হোসেন অচেতন হয়ে পড়লে প্রথমে তাঁর মাথায় ইট দিয়ে আঘাত করেন কবির। পরে ইমরান ছুরি দিয়ে তাঁর গলা কেটে মৃত্যু নিশ্চিত করেন। হত্যার পর লাশ তুরাগ নদীতে ভাসিয়ে দেওয়া হয়।

মামলার ৪৮ ঘণ্টার মধ্যে ৪ জনকে গ্রেপ্তার করা হয় বলে জানান পুলিশের এই কর্মকর্তা। তিনি বলেন, হত্যায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে বছিলা ও এর আশপাশের এলাকার দুই শতাধিক সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়। ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকরীদের শনাক্ত করা হয়। পরে তাঁদের গ্রেপ্তার করা হয়।