কখনো দারোগা কখনো ওয়ার্ডবয় পরিচয়ে নিখোঁজদের স্বজনকে ফোন করতেন তিনি: ডিবি

পত্রিকার বিজ্ঞাপন, দেয়ালের পোস্টার দেখে নিখোঁজ ব্যক্তির স্বজনদের মুঠোফোন নম্বর সংগ্রহ করে প্রতারণা করে আসছেন চক্রের সদস্যরা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুঠোফোনে নিখোঁজ ব্যক্তির পরিবারের সঙ্গে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিরা
ছবি: সংগৃহীত

মুঠোফোনের এক প্রান্ত থেকে বলা হয়, ‘হ্যালো, টাঙ্গাইলের এলেঙ্গা হাইওয়ে থানা থেকে আমি দারোগা মাসুদ বলছিলাম। আপনি কি ফেরদৌস বলছেন? আপনার ভাইয়ের নাম কী?’ মুঠোফোনের অপর পাশের ব্যক্তি বলেন জয়নাল। তখন এ প্রান্ত থেকে আবার প্রশ্ন করা হয়, আপনার ভাইয়ের কি মানসিক সমস্যা ছিল? এভাবেই কথা চালিয়ে যান দারোগা পরিচয়দাতা ব্যক্তি। তিনি ফেরদৌসকে বলেন, ‘আপনার ভাই হাইওয়েতে অ্যাক্সিডেন্ট (সড়ক দুর্ঘটনা) করেছে। স্থানীয় জননী হাসপাতালে ভর্তি করা হয়েছে। দ্রুত এসে ভাইকে নিয়ে যান।’ তখন ফেরদৌস বলেন, ‘আমার আসতে দেরি হবে। আপনি চিকিৎসককে বলে চিকিৎসা শুরু করুন।’

মাসুদ তখন ফেরদৌসকে বলেন, চিকিৎসক ছয়টি ইনজেকশন, কয়েকটি পরীক্ষা ও কিছু ওষুধ লিখেছে। সেগুলো দ্রুত ব্যবস্থা করতে হবে। তা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। চিকিৎসার জন্য কত টাকা লাগবে জানতে চাইলে মাসুদ বলেন, ৮ হাজার ৬০০ টাকা লাগবে। নিখোঁজ ভাইয়ের দুর্ঘটনার খবর শুনে মাসুদের পাঠানো মোবাইল ব্যাংকিং সেবার অ্যাকাউন্টে টাকা পাঠান ফেরদৌস । এরপর নম্বরটি বন্ধ করে দেওয়া হয়।

এভাবেই নিখোঁজ ব্যক্তিদের পরিবারকে ফোন দিয়ে প্রতারণা করে আসছিল একটি চক্র। এই চক্রের মূল হোতা মোস্তাফিজুর রহমান। তিনি কখনো দারোগা মাসুদ, আবার কখনো সরকারি-বেসরকারি হাসপাতালের কর্মচারী (ওয়ার্ডবয়) পরিচয়ে নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের ফোন করেন।

সর্বশেষ গত বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে চক্রের তিন সদস্যকে ঢাকার বংশাল ও নারায়ণগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) লালবাগ বিভাগ। ডিবি বলেছে, গ্রেপ্তারের পর দুই দিনের রিমান্ডে এনে প্রতারক চক্রের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে ভয়ংকর তথ্য পাওয়া গেছে।

ডিবি বলছে, পরিবারে কেউ নিখোঁজ হলে পত্রিকা, দেয়াল, বাসের গায়ে পোস্টার ও বিজ্ঞাপন দেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে সন্ধান চেয়ে পোস্ট দেন পরিবারের সদস্যরা। সেখানে নিখোঁজ ব্যক্তির পরিবারের সদস্যদের মুঠোফোন নম্বর দেওয়া হয়। সেই নম্বরে ফোন দিয়ে নিখোঁজ ব্যক্তির পরিবারকে ভুয়া দুঃসংবাদের তথ্য দেওয়া হয়। পরে চিকিৎসার কথা বলে ৫ হাজার থেকে ২৫ হাজার টাকা নেন চক্রের সদস্যরা। এভাবে ১০ বছরে কয়েক হাজার ব্যক্তির সঙ্গে প্রতারণা করেছে চক্রটি। গত তিন মাসে এই চক্রের সদস্যদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে ১২ লাখ টাকা জমা হয়েছে।

ডিবি জানায়, চক্রটি দুভাগে বিভক্ত হয়ে কাজ করে। গ্রেপ্তার মশিউর রহমান পত্রিকার নিখোঁজ বিজ্ঞাপন, বাস ও দেয়ালের পোস্টার এবং সামাজিক যোগাযোগমাধ্যম ঘেঁটে নম্বর সংগ্রহ করেন। সেই নম্বরে ফোন করেন মোস্তাফিজ। মোস্তাফিজ যখন নিখোঁজ ব্যক্তির পরিবারের সদস্যদের ফোন করেন, তখন পাশে বসে কান্না করতেন মো. মুগুল। তিনি এ চক্রের আরেক সদস্য।

ডিবির লালবাগ বিভাগের উপকমিশনার মশিউর রহমান প্রথম আলোকে বলেন, পুলিশ, র‍্যাব ও হাসপাতালের কর্মচারী পরিচয়ে এই চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। চক্রের মূল হোতা মোস্তাফিজকে গ্রেপ্তারের পর তাঁর আরও অনেক প্রতারণার খবর জানা গেছে।

ডিবি জানায়, মোস্তাফিজের বাড়ি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ এলাকায়। ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন তিনি। পরে চট্টগ্রামে গিয়ে পোশাক কারখানায় কয়েক বছর চাকরি করেন। সেখানে আবদুল গণি নামের এক ব্যক্তির সঙ্গে সখ্য গড়ে ওঠে। তাঁর কাছ থেকে এ প্রতারণার কৌশল শেখেন তিনি। ২০১৪ সালে চাকরি ছেড়ে প্রতারণায় জড়িয়ে পড়েন। পরে ঢাকার আশুলিয়ায় এসে একটি চক্র গড়ে প্রতারণা শুরু করেন। প্রতারণার মামলায় দুবার পুলিশ ও র‍্যাবের হাতে গ্রেপ্তার হয়ে জেলও খেটেছেন তিনি।

নিখোঁজ ব্যক্তিদের সঙ্গে প্রতারণার পাশাপাশি ২০২১ সালের দিকে জামালপুরের মাদারপুর এলাকায় একটি আমদানি–রপ্তানির ভুয়া ব্যবসা খুলেন। সেখানে বড় অফিস ভাড়া নিয়ে বেকার যুবকদের চাকরি দেওয়ার কথা বলে ২০ হাজার থেকে ৪ লাখ করে টাকা হাতিয়ে নেন। পরে অফিস বন্ধ করে ঢাকায় চলে আসেন।

মশিউর রহমান বলেন, ‘গ্রেপ্তারের পর জামালপুর জেলা পুলিশের মাধ্যমে জানতে পারি, মোস্তাফিজ ও তাঁর চক্রের সদস্যরা ৭৮ জনের কাছ থেকে দেড় কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।’