ঢাবি শিক্ষার্থীকে অপহরণের অভিযোগে করা মামলায় তিনজনকে জিজ্ঞাসাবাদের অনুমতি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে অপহরণের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার তিনজনকে এক দিনের জন্য কারাগারের ফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত এই আদেশ দেন।
ভুক্তভোগী শিক্ষার্থীর নাম শরীফ মোহাম্মদ জায়ফুল ইসলাম। আসামিরা হলেন অধরা, ইমরান হোসেন ও মৌসুমী। রাজধানীর মুগদা থানায় করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী ইশতিয়াক হোসেন বলেন, আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মুগদা থানার উপপরিদর্শক (এএসআই) উত্তম কুমার মিত্র। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেককে এক দিনের জন্য কারাফটকে জিজ্ঞাসাবাদ করার আদেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২০ জানুয়ারি মামলার বাদী জায়ফুল ইসলাম রাত সাড়ে আটটার দিকে মুগদা পদচারী–সেতু দিয়ে নিজের বাসায় ফিরছিলেন। পথে আসামি অধরা সাহায্য চেয়ে বাদীকে পদচারী–সেতুর পূর্ব মাথায় নিয়ে যান। বাদী সরল বিশ্বাসে তাঁকে অনুসরণ করে কমলাপুরের দিকে পদচারী–সেতুর পূর্ব মাথায় যান। সেখানে আগে থেকে অবস্থান করা ব্যক্তিরা বাদীকে অস্ত্র ঠেকিয়ে অপহরণ করেন। এ সময় বাদীর মুঠোফোনে থাকা ব্যক্তিগত তথ্য ও ছবি আসামিরা সংগ্রহ করে নেন।
মামলার অভিযোগে আরও বলা হয়, বাদীকে এক দিন আটকে রেখে প্রাণনাশের হুমকি দিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করেন আসামিরা। প্রাণভয়ে বিকাশের মাধ্যমে ২৫ হাজার টাকা আসামিদের দেন বাদী। এরপর বাদীকে আসামিরা ছেড়ে দেন। কিছুদিন পর আসামিরা আবার বাদীর নম্বরে ফোন দিয়ে বিভিন্ন হুমকি দিতে থাকেন। ওই ঘটনায় জায়ফুল বাদী হয়ে মুগদা থানায় মামলাটি করেন।