ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদকে গ্রেপ্তারের কারণ সম্পর্কে যা জানা গেল
রাজধানীর মোহাম্মদপুর থেকে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি লিটন মাহমুদ বাবু ওরফে তেরেনাম বাবুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ডিবি তেজগাঁও বিভাগের একটি দল তাঁকে আটক করে। পরে মোহাম্মদপুর থানার একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
লিটন মাহমুদকে গ্রেপ্তারের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, লিটন মাহমুদের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ ছিল। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিবির এই কর্মকর্তা এই স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে স্পষ্ট করে কিছু জানাননি। তবে গ্রেপ্তার অভিযানে অংশ নেওয়া ডিবির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, লিটন মাহমুদের বিরুদ্ধে চাঁদাবাজি, কিশোর গ্যাংকেন্দ্রিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
ডিবির সংশ্লিষ্ট সূত্র জানায়, কয়েক দিন ধরেই তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল। আটকের পর তাঁকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। বুধবার তাঁকে আদালতে হাজির করার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের পর পৌঁছানোয় তাঁকে আদালতে হাজির করা যায়নি।
পুলিশের চাঁদাবাজির তালিকায় নাম
পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানায়, অন্তর্বর্তী সরকারের সময় থেকে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকার ফুটপাত, প্রতিষ্ঠান, মার্কেট ও স্ট্যান্ড থেকে চাঁদাবাজির সঙ্গে যুক্ত ব্যক্তিদের একাধিক তালিকা করেছে ডিএমপি। এসব তালিকায় মোহাম্মদপুর এলাকার চাঁদাবাজ হিসেবে লিটন মাহমুদের নাম রয়েছে।
সর্বশেষ ডিএমপির করা ৫৪৫ জন চাঁদাবাজের তালিকায় পুলিশের তেজগাঁও বিভাগের ১৫৫ জনের নাম রয়েছে। তাঁদের মধ্যে মোহাম্মদপুর এলাকার চাঁদাবাজ হিসেবে লিটন মাহমুদের নাম ওপরের দিকে রয়েছে।
ডিএমপির একটি চাঁদাবাজি তালিকায় লিটন মাহমুদ সম্পর্কে বলা হয়, তিনি মোহাম্মদপুরের জাকির হোসেন রোডের খেলার মাঠ সংলগ্ন এলাকায় দোকান বসিয়ে চাঁদা উত্তোলন করেন। প্রতিটি দোকান থেকে ৩০০ থেকে ৪০০ টাকা করে চাঁদা নেন। পাশাপাশি অবৈধ বিদ্যুৎ–সংযোগ দিয়ে দোকানপ্রতি ৫০ টাকা করে আদায় করেন। এসব কাজে জসিম, শামীম, মামুন, রনিসহ কয়েকজন তাঁকে সহযোগিতা করেন।
গ্রেপ্তার অভিযানে থাকা ডিবির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, চাঁদাবাজি নিয়ে পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার করা একাধিক তালিকার ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তালিকায় থাকা অন্যদেরও পর্যায়ক্রমে গ্রেপ্তার করা হবে।
আরও যত অভিযোগ
ডিবির সংশ্লিষ্ট সূত্র জানায়, জুলাই গণ–অভ্যুত্থানের পর থেকে মোহাম্মদপুরের ৩২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা, জেনেভা ক্যাম্প, কৃষি মার্কেট ও বিভিন্ন বেসরকারি হাসপাতাল থেকে চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে লিটন মাহমুদের বিরুদ্ধে। আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন সময়ে ভুক্তভোগীরা তাঁর বিরুদ্ধে এসব অভিযোগ করে আসছিলেন।
এ ছাড়া মোহাম্মদপুর এলাকায় কয়েকটি কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ডে পৃষ্ঠপোষকতা ও সরাসরি সম্পৃক্ততার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। জেনেভা ক্যাম্পকেন্দ্রিক বিভিন্ন অপরাধের সঙ্গেও তাঁর জড়িত থাকার অভিযোগ পেয়েছে ডিবি।
ডিবি সূত্রের তথ্য অনুযায়ী, চাঁদাবাজি, সহিংসতা ও কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষকতার অভিযোগে মোহাম্মদপুর, আদাবরসহ বিভিন্ন থানায় লিটন মাহমুদের বিরুদ্ধে অন্তত ১৭টি মামলার তথ্য পেয়েছে তারা। এর বাইরে কিছু রাজনৈতিক মামলাও রয়েছে। তবে একটি বেসরকারি হাসপাতালে চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।