ঢাকা মহানগরে বিশেষ অভিযানে এক সপ্তাহে গ্রেপ্তার ৮৯৩

হাতকড়াপ্রতীকী ছবি

রাজধানীতে ২৪ ঘণ্টায় পুলিশের সাঁড়াশি অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ১০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে ১ মে থেকে ৭ মে পর্যন্ত সাত দিনের বিশেষ অভিযানে রাজধানীতে মোট ৮৯৩ জনকে গ্রেপ্তার করল ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপি সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত) পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ডিএমপির তেজগাঁও বিভাগে ৬৮ এবং মিরপুর বিভাগ ৩৩ জনকে গ্রেপ্তার করে। তাঁদের মধ্যে পুলিশের তেজগাঁও বিভাগের তেজগাঁও থানা এলাকায় ৭ জন, শেরেবাংলা নগরে ১২ জন, মোহাম্মদপুরে ২৩ জন, আদাবরে ৬ জন, তেজগাঁও শিল্পাঞ্চলে ৭ জন ও হাতিরঝিলে ১৩ জন রয়েছেন।

১ মে থেকে রাজধানীতে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা ধরে সাঁড়াশি অভিযান শুরু করেছে ডিএমপি। দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের অংশ হিসেবে চাঁদাবাজ, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি ও অনলাইন জুয়া চক্রের বিরুদ্ধে এই কঠোর অবস্থান নেওয়া হয়েছে। অপরাধীদের মূলোৎপাটন করে নগরবাসীকে স্বস্তি দিতে এবং মহানগরীকে নিরাপদ রাখতে এই অভিযান আরও জোরদার করা হয়েছে।