পশ্চিম আগারগাঁওয়ে নিরাপত্তাকর্মী খুন, যুবক আটক
রাজধানীর শেরেবাংলা নগরের পশ্চিম আগারগাঁওয়ে ছুরিকাঘাতে একটি ভবনের নিরাপত্তাকর্মী খুন হয়েছেন। নিহত ওই নিরাপত্তাকর্মীর নাম আজিম শেখ (৫৫)। আজ সোমবার দিবাগত রাত তিনটার দিকে ঘটনাটি ঘটে।
গুরুতর আহত অবস্থায় আজিম শেখকে উদ্ধার করে প্রথমে স্থানীয় শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ভোর চারটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আজিম শেখ যে ভবনের নিরাপত্তাকর্মী ছিলেন, তার এক মালিক ইমাম হোসেনকে উদ্ধৃত করে ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার বর্ণনা দেন। তিনি বলেন, ভবনের ভাড়াটিয়া কৃষি গবেষণা নার্সারি অফিস সহকারী সাগর (১৮) নামের যুবক অনেক রাতে বাসায় ফেরায় গেট খোলা নিয়ে নিরাপত্তাকর্মী আজিমের সঙ্গে তর্কবিতর্ক হয়।
একপর্যায়ে আজিম শেখকে ধারালো অস্ত্র দিয়ে বুকে ও পিঠে এলোপাতাড়ি আঘাত করে রক্তাক্ত করে ফেলে পালিয়ে যান। সেখানে ধস্তাধস্তিতে ছুরিকাঘাতে সাগরেরও হাত সামান্য কেটে যায়।
সাগরও হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। পরে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানালে হাসপাতাল থেকে সাগরকে আটক করা হয়।
বাচ্চু মিয়া আরও বলেন, আজিমের পরিবারকে সংবাদ দেওয়া হয়েছে।
মৃত আজিম টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার দুবুরিয়া গ্রামের মেজন শেখের ছেলে। তিনি আগারগাঁওয়ের মিয়া টাওয়ারেই থাকতেন। তিনি ওই ভবনের নিরাপত্তাকর্মী ছিলেন।
পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট শেরেবাংলা নগর থানাকে জানানো হয়েছে।