অক্টোবরে চাল পাননি ২৪ হাজার হতদরিদ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে খাদ্যবান্ধব কর্মসূচি স্থগিত করায় ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ২৪ হাজারের বেশি হতদরিদ্র মানুষ গত অক্টোবরে ১০ টাকা কেজি দরের চাল পাননি। কবে নাগাদ তাঁরা এ চাল পাবেন, তা নিয়েও সংশয় দেখা দিয়েছে।

প্রশাসন ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, ডিলারদের অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পেয়ে উদ্বোধনের ২৬ দিনের মাথায় নান্দাইলে খাদ্যবান্ধব কর্মসূচি স্থগিত করা হয়। তবে অভিযুক্ত কারও বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়নি। বরং যাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাঁরাই স্বজনদের নাম ব্যবহার করে ডিলারশিপ ধরে রেখেছেন।

উপজেলা প্রশাসন ও খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্র জানায়, ২৪ জন ডিলার নিয়োগ দিয়ে গত ১০ সেপ্টেম্বর নান্দাইলের ১২টি ইউনিয়নে ১০ টাকা কেজি দরের খাদ্যবান্ধব কর্মসূচি উদ্বোধন করা হয়। প্রচারণা না থাকায় হতদরিদ্র মানুষেরা এ বিষয়ে জানতেন না। ফলে অবিক্রীত বিপুল পরিমাণ চাল নিয়ে দুর্নীতি ও অনিয়ম ঘটে। গত ২৩ ও ২৭ সেপ্টেম্বর স্থানীয় প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সরেজমিনে তদন্ত করে গুরুতর অনিয়মের চিত্র পান। পরে ৬ অক্টোবর জরুরি সভা ডেকে ওই ২৪ জন ডিলারের নিয়োগ বাতিল করে নতুন ডিলার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। ১৮ অক্টোবর নতুন ডিলার নিয়োগ চূড়ান্ত করে প্রশাসন।

নতুন ডিলারদের তালিকা ঘেঁটে দেখা যায়, নিয়োগ পাওয়া ৪৭ জন ডিলারের বেশির ভাগই ব্যবসায়ী নন। ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা ও পুরোনো ডিলারদের স্বজনেরা ডিলার হয়েছেন। ডিলার নিয়োগ-সংক্রান্ত বিধিমালায় খাদ্য ব্যবসায় দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিদের নিয়োগ দেওয়ার কথা উল্লেখ রয়েছে। এ নিয়ে গত শুক্রবার ‘অনিয়মের কারণে বাদ পড়াদের স্বজনেরাই ডিলার’ শিরোনামে প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হয়। এ অবস্থার মধ্যেই ২৫ অক্টোবর মোয়াজ্জেমপুর ইউনিয়নের চারজন ডিলারের দোকানে চাল বিক্রি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ শাহানুর আলম। এসব কারণে গত মাসে ২৪ হাজার ৩০৫ জন হতদরিদ্র মানুষ ১০ টাকা কেজি দরের চাল কেনার সুযোগ পাননি।

এ বিষয়ে নান্দাইল উপজেলায় খাদ্য নিয়ন্ত্রকের (ইউএফসি) দায়িত্ব পালনকারী ঈশ্বরগঞ্জের কর্মকর্তা মুহাম্মদ আলাউদ্দিন বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। দেখা যাক কী সিদ্ধান্ত আসে। তিনি নান্দাইলের দায়িত্ব নেওয়ার আগে ডিলার নিয়োগ হয়েছে। সময় কম বলে এ তালিকায় কে ঠাঁই পেয়েছেন, তা যাচাই করা সম্ভব হয়নি। তবে আবার যাতে অনিয়ম ও দুর্নীতির ঘটনা না ঘটে, সেদিকে লক্ষ রাখা হবে।