অগ্নিদগ্ধ অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের পূর্ব শুল্লাকিয়া গ্রামে শ্বশুরবাড়িতে অগ্নিদগ্ধ অন্তঃসত্ত্বা গৃহবধূ কামরুন নাহার ওরফে নিপু (২১) মারা গেছেন। গতকাল শুক্রবার ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তাঁর মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার তাঁর গর্ভের সন্তান মারা যায়।

নিহত কামরুন নাহারের স্বজনদের অভিযোগ, দাবিমতো যৌতুক না দেওয়ায় স্বামী মো. মহসিন গত বুধবার দুপুরে কামরুন নাহারের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। পরে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে কামরুনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কামরুন নাহারের ভগ্নিপতি মো. নূর নবী প্রথম আলোকে বলেন, প্রায় এক বছর আগে পূর্ব শুল্লাকিয়া গ্রামের অটোরিকশার চালক মো. মহসিনের সঙ্গে তাঁর শ্যালিকার বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পর মহসিন তাঁর শ্বশুর কবিরহাট উপজেলার ধানশালিক গ্রামের গিয়াস উদ্দিনের কাছে বিদেশ যাওয়ার জন্য যৌতুক দাবি করেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত।

নূর নবীর অভিযোগ, গত বুধবার দুপুরে যৌতুক নিয়ে ঝগড়া-বিবাদের একপর্যায়ে কামরুন নাহারকে মারধর করেন স্বামী মহসিন। পরে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে কক্ষের দরজা বন্ধ করে পালিয়ে যান তিনি।

এদিকে একই ঘটনায় আংশিক দগ্ধ হয়েছেন কামরুনের শ্বশুর দেলোয়ার হোসেন (৬৫) ও বড় জা রুমা আক্তার (২৬)।

দেলোয়ার হোসেন বলেন, তাঁর পুত্রবধূ কামরুন নাহার স্বামীর ওপর অভিমান করে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছেন। তিনি ও তাঁর আরেক পুত্রবধূ তাঁকে বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হন।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, হাসপাতালে দগ্ধ অবস্থায় দুই নারী ও এক পুরুষকে আনা হয়। এর মধ্যে বেশি পুড়ে যাওয়া এক নারীকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়।

সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন বলেন, যৌতুকের দাবিতে স্বামীর দেওয়া আগুনে কামরুন নাহার দগ্ধ হয়েছেন উল্লেখ করে তাঁর বাবা গিয়াস উদ্দিন থানায় মামলা করেছেন।