অগ্নিদগ্ধ অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর দক্ষিণ বাড্ডা এলাকায় গ্যাসের আগুনে দগ্ধ হওয়া সাত মাসের অন্তঃসত্ত্বা নারী মারা গেছেন। গতকাল শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শুক্রবার রাতে তিনি অগ্নিদগ্ধ হয়েছিলেন।
অন্তঃসত্ত্বা ওই নারীর নাম সোনিয়া আক্তার (২৮)। দক্ষিণ বাড্ডা বাজার-সংলগ্ন শ্বশুরবাড়িতে থাকতেন তিনি। তাঁর স্বামী সেফায়েত হোসেন সৌদি আরবপ্রবাসী। আগুনে সোনিয়ার শরীরের ৬৫ শতাংশের বেশি পুড়ে গিয়েছিল।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন, সোনিয়া তাঁর পরিবারকে বলেছেন যে চুলায় তরকারি গরম করার জন্য আগুন জ্বালাতে গেলে তাঁর শরীরে আগুন লেগে যায়।
সোনিয়ার প্রতিবেশী মফিজুল ইসলাম বলেন, তিনিসহ আরও কয়েকজন প্রতিবেশী আগুন নেভান।