অগ্নিদগ্ধ গৃহবধূর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ
বাগেরহাটের কচুয়ায় অগ্নিদগ্ধ সোনিয়া আক্তার (২০) নামের এক নববধূ মারা গেছেন। গত ২৬ নভেম্বর সোনিয়ার শরীরে আগুন লাগে। আজ শনিবার সকালে বাগেরহাটের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি মারা যান।
পরিবারের অভিযোগ, স্বামী মন্টু আকন সোনিয়ার শরীরে আগুন দেন। পুলিশ জানায়, গতকাল শুক্রবার সোনিয়াও একই অভিযোগ করে পুলিশের কাছে জবানবন্দি দিয়েছেন।
সোনিয়া কচুয়া উপজেলার গোপালপুর গ্রামের রিকশাভ্যান চালক মোজাহার শিকদারের মেয়ে। তিনি স্থানীয় শহীদ শেখ আবু নাসের মহিলা ডিগ্রি কলেজের বিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। সোনিয়ার স্বামী মন্টুর বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার রাজপাশা গ্রামে। তাঁর বাবার নাম রজব আলী। সোনিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মোজাহার শিকদার বলেন, এক বছর আগে মুঠোফোনের মাধ্যমে মন্টুর সঙ্গে সোনিয়ার পরিচয় হয়। গত কোরবানির ঈদে সোনিয়া বাড়িতে কিছু জানিয়ে মন্টুকে বিয়ে করেন। বিয়ের পর সোনিয়া জানতে পারেন মন্টু এর আগেও একটি বিয়ে হয়েছে। এই নিয়ে তাঁদের মধ্যে বিরোধরে শুরু হয়। মোজাহারের অভিযোগ, গত ২৬ নভেম্বর স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হলে মন্টু সোনিয়াকে চেয়ারের সঙ্গে বেঁধে ঘরে থাকা কেরোসিন শরীরে ঢেলে সোনিয়ার গায়ে আগুন ধরিয়ে দেন। প্রতিবেশীরা সোনিয়াকে উদ্ধার করে প্রথমে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে পরের দিন সোনিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তিনি বলেন, ‘আগুনে মেয়েটির শরীর ব্যাপকভাবে পুড়ে যাওয়ায় চিকিৎসকেরা তাঁর বাঁচার আশা ছেড়ে দেন। নিরুপায় হয়ে আমরা মেয়েকে বুধবার বাড়িতে নিয়ে আসি। শুক্রবার রাতে অবস্থা খুব খারাপ হলে মেয়েকে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি।’
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমশের আলী আজ দুপুরে বলেন, ‘২ ডিসেম্বর পিরোজপুরের ভান্ডারিয়া থানা থেকে পাঠানো একটি বার্তার সূত্র ধরে কচুয়া থানা-পুলিশ কাল দুপুরে মেয়েটির বাড়িতে গিয়ে তাঁর জবানবন্দি নেয়। জবানবন্দিতে মেয়েটি বলেছেন, মন্টু তাঁকে আগুন দিয়ে পুড়িয়েছে। আজ সকালে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মেয়েটি মারা গেছে। এই ঘটনায় আমরা আইনানুগ সব পদক্ষেপ নিচ্ছি।’
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান আজ বিকেলে বলেন, ‘সোনিয়া নামের ওই মেয়েটির শরীরে আগুন দেওয়ার ঘটনাটি আমরা জানি। তাঁর স্বামী আত্মগোপন করেছেন। মেয়েটির মৃত্যু সংবাদও আমরা পেয়েছি। নিহতের পরিবার মামলা করলে আমরা কাজ শুরু করতে পারব।’
এ ব্যাপারে মন্টু আকনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।