অগ্রণী ব্যাংকের ছয় কর্মকর্তা কারাগারে
গ্রাহকের ৯৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে অগ্রণী ব্যাংকের সাবেক ও বর্তমান ছয় কর্মকর্তাকে গতকাল বৃহস্পতিবার কারাগারে পাঠানো হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়।
এ ছয়জন হলেন অগ্রণী ব্যাংক পাকশী শাখার সাবেক ব্যবস্থাপক (বর্তমানে পাবনার আবদুল হামিদ সড়ক শাখার কর্মকর্তা) পাবনা সদরের নারায়ণপুর গ্রামের আফসার আলী (৪৫), সাবেক ব্যবস্থাপক (বর্তমানে অবসরপ্রাপ্ত) ঈশ্বরদীর মশুরিয়াপাড়া গ্রামের মোশাররফ হোসেন (৫৫), সাবেক ব্যবস্থাপক (বর্তমানে চাকরিচ্যুত) পাবনা পৌরসভার শালগাড়িয়া হাসপাতালপাড়া এলাকার কায়সার আলী মিয়া (৪৮), সাবেক কর্মকর্তা (বর্তমানে চাকরিচ্যুত) ঈশ্বরদীর দরিনারিচা পশ্চিম টেংরী গ্রামের আমিনুল ইসলাম (৪৫), সাবেক ক্যাশিয়ার (বর্তমানে দাশুড়িয়া শাখার ক্যাশিয়ার) ঈশ্বরদীর ঈদগাহ রোড এলাকার নুরুল ইসলাম (৪৫) ও সাবেক ক্যাশিয়ার (বর্তমানে ঈশ্বরদী শাখার ক্যাশিয়ার) ঈশ্বরদীর বড়ইচরা গ্রামের রমজান আলী মিয়া (৪৫)।
দুদকের পাবনা আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক আবু বকর সিদ্দিক বলেন, ১৯৯৮ থেকে ২০০৪ সালের মধ্যে অগ্রণী ব্যাংকের পাকশী শাখার দায়িত্বে থাকাকালে আসামিরা পরস্পরের যোগসাজশে ভুয়া বিল-ভাউচার তৈরি করে গ্রাহকের ৯৩ লাখ ৫ হাজার ১৮১ টাকা আত্মসাৎ করেন। সম্প্রতি দুদক তদন্ত করে এ অভিযোগের প্রাথমিক সত্যতা পায়।