অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ২১ লাখ টাকা লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে অগ্রণী ব্যাংক রাজারহাট শাখার ভল্ট কেটে ২১ লাখ ৮ হাজার টাকা লুট করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার দিবাগত রাতে সংঘটিত এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এর আগে গত বছরের জানুয়ারিতে কিশোরগঞ্জে সোনালী ব্যাংকের জেলার প্রধান শাখায় দুঃসাহসিক চুরি হয়। দীর্ঘ সুড়ঙ্গ খুঁড়ে চোরের দল ব্যাংকের ভল্ট রুমে ঢুকে ১৬ কোটি ৪০ লাখ টাকা লুট করে।
অগ্রণী ব্যাংক রাজারহাট শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার নারায়ণ চন্দ্র পাল প্রথম আলোকে বলেন, ‘রাতে মুখ বাঁধা পাঁচ-ছয়জন দুর্বৃত্ত জানালার গ্রিল কেটে ব্যাংকে ঢুকে দুজন প্রহরীর হাত-পা ও মুখ বেঁধে ফেলে। পরে অস্ত্রের মুখে তাঁদের জিম্মি করে ২১ লাখ ৮ হাজার টাকা লুট করে। ভল্টের ভেতর রাখা একটি একনলা বন্দুকের পাঁচটি গুলিও খোয়া গেছে। তবে বন্দুকটি রয়েছে।’
রাতে ব্যাংক পাহারায় থাকা দুই আনসার সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। তাঁরা হলেন বিশ্বজিৎ রায় (২৪) ও সাইদুল ইসলাম (২৩)।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আক্কাছ আলী বলেন, সংঘবদ্ধ ডাকাত দল পরিকল্পিতভাবে এ কাজ করেছে। তিনি অভিযোগ করেন, স্থানীয় ব্যাংকে ১০ লাখের বেশি টাকা মজুত রাখলে কেন্দ্রীয় ব্যাংকে তথ্য দেওয়ার নিয়ম রয়েছে। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ সেটি মানেনি। যে কারণে ঈদের আগে এ ধরনের একটি ডাকাতি হলো।
এ ব্যাপারে ব্যাংকের সংশ্লিষ্ট শাখার বক্তব্য জানা যায়নি। তবে অগ্রণী ব্যাংক খুলনা সার্কেল অফিসের উপমহাব্যবস্থাপক শেখর চন্দ্র বিশ্বাস বলেন, ‘এটি জানানোর দায়িত্ব স্থানীয় ব্যাংক ব্যবস্থাপকের। তিনি সেটি করেছেন কি না আমার জানা নেই। ডাকাতির ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে। এ বিষয়ে স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’
সরেজমিনে দেখা যায়, বেসরকারি একটি বহুতল ভবনের দ্বিতীয় তলায় ব্যাংকের রাজারহাট শাখার কার্যালয়। ভল্টের ফটকে তালা লাগানোর দুই স্থানে গ্যাস কাটারের সাহায্যে কাটার চিহ্ন। ভল্টের সামনের জানালার গ্রিল কাটা। গ্রিলে বাঁধা একটি মোটা রশি নেমে গেছে নিচের দিকে। সেখানে গ্যাসের দুটি সিলিন্ডার পড়ে আছে। পাশে ঝালাই করার যন্ত্র।