অগ্রণী ব্যাংকের ভল্ট ভাঙার চেষ্টা, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর শহরের স্টেশন রোডের শফি মিয়া বাজার এলাকায় অবস্থিত অগ্রণী ব্যাংকের একটি শাখার ভল্ট ভেঙে টাকা লুটের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে তারা ভল্টের টাকা লুট করতে পারেনি। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ব্যাংকের নৈশপ্রহরী ও তত্ত্বাবধায়ককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া দুজন হলেন নৈশপ্রহরী জয়নাল আবেদীন ওরফে জনি (২০) ও তত্ত্বাবধায়ক নজরুল ইসলাম (৪৮)।

পুলিশ ও ব্যাংক সূত্রে জানা গেছে, দুই দিন সাপ্তাহিক ছুটির পর আজ রোববার সকালে কর্মকর্তারা ব্যাংকে প্রবেশের পর স্টোর রুমের জানালার গ্রিল কাটা ও ভল্ট রুমের দরজার তালা ভাঙা অবস্থায় দেখতে পান। তাঁরা বিষয়টি পুলিশকে অবহিত করেন। সদর থানা পুলিশের একটি দল ব্যাংকে গিয়ে ব্যাংকের ওই দুই কর্মচারীকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

জামালপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঘটনার তদন্ত হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা গতকাল রাত থেকে আজ ভোরের মধ্যে কোনো একসময় ব্যাংকের ভল্টটি ভাঙার চেষ্টা করে। তবে ভল্টে রাখা টাকা নিতে পারেনি। এ ঘটনায় জামালপুর সদর থানায় একটি মামলা হয়েছে।

অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক আজাহারুল ইসলাম জানান, দুর্বৃত্তরা ব্যাংকের স্টোর রুমের জানালার গ্রিল কেটে ভল্ট রুমের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তবে টাকা-পয়সা লুট করতে পারেনি।