অগ্রণী ব্যাংকের ১৩টি শাখার ব্যবস্থাপকদের চাঁদা চেয়ে হুমকি
গাজীপুরে অগ্রণী ব্যাংকের ১৩টি শাখার ব্যবস্থাপকদের কাছে চাঁদা চেয়ে হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় একাধিক ব্যবস্থাপক গতকাল বুধবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ব্যাংক কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গাজীপুরে অগ্রণী ব্যাংকের ১৮টি শাখা রয়েছে। তার মধ্যে গাজীপুর সিটি করপোরেশন, শ্রীপুর, কাপাসিয়া, কালীগঞ্জসহ ব্যাংকের ১৩টি শাখার ব্যবস্থাপকদের মুঠোফোনে তিন লাখ অথবা পাঁচ লাখ টাকা চাঁদা চেয়ে গত মঙ্গলবার হুমকি দেওয়া হয়। তারা দুটি বিকাশ নম্বরে টাকা পাঠাতে বলেছে। অন্যথায় ব্যাংক ব্যবস্থাপক ও তাঁদের স্ত্রী-সন্তানদের হত্যা এবং ব্যাংকের ভোল্ট ভেঙে টাকা লুটের হুমকি দেওয়া হয়েছে।
হুমকির পর গতকাল বুধবার ও গত মঙ্গলবার শ্রীপুর ও জয়দেবপুর থানায় ব্যাংকের ব্যবস্থাপকেরা একাধিক জিডি করেন।
অগ্রণী ব্যাংক গাজীপুর আঞ্চলিক শাখার উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আবদুর রহিম তালুকদার বলেন, হঠাৎ করে একসঙ্গে এতগুলো শাখায় হুমকি দেওয়ায় বিষয়টি নিয়ে তাঁরা উদ্বেগের মধ্যে রয়েছেন। এ ব্যাপারে বিভিন্ন থানায় জিডি করা হয়েছে। শাখাগুলোতে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে। বিষয়টি পুলিশ সুপারকেও জানানো হয়েছে।
গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশীদ বলেন, ব্যাংক ব্যবস্থাপকদের হুমকি দেওয়ার বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।