অগ্রিম টিকিট না পেয়ে চাটমোহর রেলস্টেশনে ভাঙচুর
ট্রেনের অগ্রিম টিকিট না পাওয়ায় গত মঙ্গলবার রাতে একদল উচ্ছৃঙ্খল লোক পাবনার চাটমোহর রেলস্টেশনে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। স্টেশনে কর্মরতদের দাবি, হামলাকারীরা স্টেশনের চেয়ার-টেবিল ভাঙচুর ও কয়েকটি কক্ষ তছনছ করে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিঁড়ে ফেলেছে।
চাটমোহর রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশনমাস্টার জহুরুল ইসলাম বলেন, আনিছুর রহমান (২৬) নামে স্থানীয় এক তরুণ রাত সাড়ে ১০টার দিকে স্টেশনে এসে আগামী ২ আগস্টের টিকিট চান। কিন্তু নিয়ম অনুযায়ী ৭২ ঘণ্টার আগে অগ্রিম টিকিট বিক্রি করা যায় না। ফলে স্টেশন কাউন্টারের বুকিং সহকারী তাঁদের বুধবার সকাল নয়টায় আসতে বলেন। এতে ওই তরুণ ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি কিছুক্ষণ পর লোকজন নিয়ে এসে কাউন্টারে হামলা চালিয়ে ভাঙচুর শুরু করেন। হামলাকারীরা অফিসের টেলিফোন, চেয়ার-টেবিল তছনছ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিঁড়ে চলে যান।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, ‘খবর পেয়ে তৎক্ষণাৎ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে বিষয়টি নিয়ে আমাদের কিছু করার নেই। আমাদের সঙ্গে ঘটনাস্থলে রেলওয়ে (জিআরপি) পুলিশ উপস্থিত ছিল। এ বিষয়ে আইনগত ব্যবস্থা তারাই নেবে।’
সিরাজগঞ্জ জিআরপি থানার ওসি কামাল হোসেন বলেন, খবর পেয়ে স্টেশনে পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টি আপসের জন্য স্থানীয় কিছু জনপ্রতিনিধি স্টেশনে এসেছিলেন। তাঁরা এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। স্টেশনে কর্মরত লোকজন তাঁদের সঙ্গে আলোচনা করছেন।