অঙ্ক না পারায় বাগেরহাটে ছাত্রকে পিটিয়ে হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় প্রধান শিক্ষকের মারধরের শিকার এক ছাত্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত ওই ছাত্র গতকাল শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় প্রাথমিকের সমাপনী মডেল টেস্ট পরীক্ষা দিয়েছে।

আহত ওই ছাত্র হলো উত্তর কুমারিয়াজোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ইয়াছিন জমাদ্দার (১২)। গত বৃহস্পতিবার বিকেলে একটি অঙ্ক না পারায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সুফিয়ান তাকে বেত দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে সে আহত হয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মুফতি কামাল হোসেন বলেন, ইয়াছিনের শরীরের বিভিন্ন স্থানে ১৫-১৬টি বেত্রাঘাতের চিহ্ন আছে। আঘাতের কারণে শরীরে রক্ত জমাট বেঁধে দাগ পড়েছে।

ইয়াছিনের বাবা ফারুক জমাদ্দার ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য কামরুল মুন্সী বলেন, বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির সমাপনী মডেল টেস্ট চলছিল। গতকাল অঙ্ক পরীক্ষা ছিল।

গত বৃহস্পতিবার বিকেলে তাই বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাদের প্রস্তুতিমূলক ক্লাস নিচ্ছিলেন। এ সময় অঙ্ক কষতে না পারায় প্রধান শিক্ষক ইয়াছিনকে বেত দিয়ে মারেন। বাড়ি ফেরার পর শরীরে প্রচণ্ড ব্যথা ও জ্বর হলে ইয়াছিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি কাজী মজিবর রহমানও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক আত্মগোপন করেছেন।

এ ব্যাপারে জানতে প্রধান শিক্ষক আবু সুফিয়ানের মুঠোফোন নম্বরে ফোন দেওয়া হলে সেটি বন্ধ পাওয়া যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ওবায়দুর রহমান বলেন, ‘শুক্রবার রাতে ঘটনাটি জানতে পেরে আমি হাসপাতালে ছাত্রটির অঙ্ক পরীক্ষা নেওয়ার নির্দেশ দিই। উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের ঘটনা জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।’

উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুম বিল্লাহ বলেন, ঘটনাটি তদন্ত করা হবে। ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা বশিরুল আলম গতকাল সকালে হাসপাতালে ইয়াছিনের পরীক্ষা নেন বলে জানান উপজেলা শিক্ষা কর্মকর্তা।